দিন দর্পণ হলদিয়া: নন্দীগ্রামে সমবায় ভোটে খাতা খুলতেই পারল না বিজেপি এবং সিপিএমের জোট শক্তি। ১২টি আসনের সবকয়টি আসনে জয়ী হল তৃণমূল কংগ্রেস। বুধবার নন্দীগ্রাম এক নম্বর ব্লকের গড়চক্রবেড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন বোর্ড প্রতিনিধি ভোটে এই নিরঙ্কুশ জয়ে খুশির জোয়ার বইছে শাসক দলের শিবিরে । স্থানীয় বিজেপি বিধায়ক, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা এলাকায় এহেন পরাজয়ে হতাশ বিজেপি এবং সিপিএম শিবির। স্থানীয় বেশ কয়েকটি সমবায় ভোটে বিজেপি জয়ী হয়েছে। সেই চেনা ঘটনায় এবার ছন্দপতন ঘটল।
এই সমবায় ভোটে বিজেপি এবং সিপিএমের জোট শক্তি ৯ টি আসনে লড়াই করেছিল। তৃণমূল ১২ আসনের প্রার্থী দিয়েছিল। স্বাভাবিকভাবে ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস । বাকি ৯ টি আসনে ভোট হয়। সেই ৯ টি আসনে প্রত্যেকটিতে ১০ থেকে ১৫ টি করে ভোট পেয়েছে রাজ্যের শাসকদল বিরোধী জোট শক্তি। এই ভোটে শান্তি বজায় রাখতে সকাল থেকেই ছিল পুলিশের কড়া নিরাপত্তা। নির্বিঘ্নে শেষ হয়েছে ভোট গ্রহণ পর্ব।
