যোগী রাজ্যে গণধর্ষণের শিকার নবম শ্রেণির ছাত্রী


দিন দর্পণ, 16 জুলাইঃ নিজের বাড়িতেই গণধর্ষণের শিকার হল নবম শ্রেণির এক ছাত্রী! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। যাদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ রয়েছে তাদের মধ্যে তিন জন নির্যাতিতা যে স্কুলে পড়াশোনা করে, তারা সেখানকার ছাত্র। অন্য একজন মেয়েটির ইনস্টাগ্রামের বন্ধু। ঘটনাটি শনিবার সকালে ঘটলেও বুধবার তা প্রকাশ্যে এসেছে।

ঘটনার দিন নাবালিকা বাড়িতে একাই ছিল। সকাল সাড়ে এগারোটা নাগাদ মেয়েটির স্কুলের তিন পড়ুয়া তার বাড়িতে যায়। এছাড়া যায় নির্যাতিতার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হওয়া এক নাবালক। এরপর চার নাবালক ছাত্রীকে বিবস্ত্র করে যৌন হেনস্থা করে। সেই সময় ছাত্রীটি বাড়িতে একাই ছিল। ‌ কিছুক্ষণ পর তার মা বাড়ি ফিরে দেখেন সদর দরজা খোলা। এরপর ঘরে ঢুকে দেখেন চারজন মিলে তাঁর মেয়েকে যৌন নিগ্রহ করছে। সঙ্গে সঙ্গে থানায় ফোন করেন তিনি। ‌পুলিশ এসে চারজনকে আটক করে থানায় নিয়ে যায়। এ প্রসঙ্গে গাজিয়াবাদের পুলিশ কর্তা ভাস্কর বর্মা বলেন, “চারজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। ‌তারা নবম, দশম এবং একাদশ শ্রেণির ছাত্র। ইনস্টাগ্রামে আলাপ হওয়া নাবালক ওই ছাত্রীর সঙ্গে দেখা করার জন্য শনিবার তাদের বাড়িতে গিয়েছিল। সঙ্গে ছিল নির্যাতিতার স্কুলের তিন ছাত্র। ছাত্রীর মেডিক্যাল পরীক্ষা করানো হচ্ছে। তাতেই জানা যাবে সে গণধর্ষণের শিকার হয়েছে কিনা।”অভিযুক্তরা সবাই নাবালক বলে গুরুত্ব সহকারে বিষয়টি নিয়ে তদন্ত করছেন পুলিশ কর্তারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *