দিন দর্পণ, ২মে, কলকাতাঃ শুক্রবার সকাল ৯টা ৪৫মিনিটে প্রাকশিত হয়েছে মাধ্যমিকের রেজাল্ট।সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ওয়েবসাইটে সরাসরি ফল দেখতে পারবে পরীক্ষার্থীরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাধ্যমিকে উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়েছেন।তিনি সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন!আগামী দিনে তোমরা আরও সফল হবে, এই প্রত্যাশা রাখি।তোমাদের জীবনের এই স্মরণীয় দিনে আমি তোমাদের বাবা-মা, অভিভাবক-অভিভাবিকা এবং শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক শুভেচ্ছা জানাই।তাঁদের সমর্থন ও পথনির্দেশই তোমাদের এই সাফল্যকে সম্ভব করে তুলেছে।’’অনুত্তীর্ণদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা,‘‘যারা আজ ভাল ফল করতে পারোনি তাদের বলব, হতাশ হয়ো না।চেষ্টা করো।আগামী দিনে সাফল্য আসবেই।’’
এরপরই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।তিনি লিখেছেন, ‘‘মাধ্যমিক পরীক্ষা ২০২৫-এর ফল প্রকাশিত হল।পাশের হার ৮৬.৫৬ শতাংশ।সফল ছাত্রছাত্রীদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন।আশা করব, তোমরা জীবনের সব ক্ষেত্রে সফল হবে, বাংলার মুখ উজ্জ্বল করবে এবং ভবিষ্যতে কৃতিত্বের স্বাক্ষর রাখবে।’’
মাধ্যমিকে পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর (৯৬.৪৬)। তার পর যথাক্রমে কালিম্পং, কলকাতা এবং পশ্চিম মেদিনীপুর রয়েছে।মাধ্যমিকে প্রথম হয়েছে উত্তর দিনাজপুরের আদৃত সরকার।তার প্রাপ্ত নম্বর ৬৯৬, শতাংশের নিরিখে ৯৯.৪৬ শতাংশ।যুগ্ম দ্বিতীয় অনুপম বিশ্বাস এবং সৌম্য পাল।তাদের প্রাপ্ত নম্বর ৬৯৪।তৃতীয় হয়েছে এক জন।এ বছরও মাধ্যমিকে রয়েছে গ্রেড ব্যবস্থা।সর্বোচ্চ ‘এএ’ গ্রেড পেয়েছে ১০,৬৫৯ জন।‘এ’ গ্রেড পেয়েছে ২৫,৮২০ জন এবং ‘এ’ গ্রেড পেয়েছে ৯১,২৩৭ জন।
