শিলাবৃষ্টির জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে কৃষকরা


দিন দর্পণ, ২৯এপ্রিল, হুগলিঃ শিলাবৃষ্টির জেরে ব্যাপক ক্ষতির মুখে হুগলির পোলবা-দাদপুর ব্লকের বিস্তীর্ণ এলাকা।সোমবার রাতে হঠাৎই কালবৈশাখীর ঝড় শুরু হয়।সাথে শুরু হয় তুমুল শিলাবৃষ্টি।এই শিলাবৃষ্টির জেরে পাকা ফসলের ব্যাপক ক্ষতি হয়।ফলন্ত ধান গাছের শিস ভেঙে পড়ে।বিঘার পর বিঘা তিল, পাট গাছও ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে।চাষের বেশি ক্ষতি হয়েছে পোলবার আমনান গ্রাম পঞ্চায়েতের বীরেন্দ্রনগর, ডাকাতিয়া ভেরি, নতুন ভেরি, ডুবির ভেরি এলাকায়।

ওখানকার স্থানীয় কৃষকরা জানায়, বিঘার পর বিঘা ধান, তিল নষ্ট হয়ে গিয়েছে লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সামনে আসছে।ওখানকার এক কৃষক জানান, তাঁর জমিতে মোট ১০ বিঘা ধান চাষ করেছিলেন।৯বিঘা জমিতে তিল চাষ করেছিলেন।এগুলি ছাড়াও ঝিঙে, শসা, বেগুন ইত্যাদি সবজি চাষ করেছিলেন।শিলাবৃষ্টির কারণে প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়ে গিয়েছে।আরও এক কৃষক বলেন, শিলাবৃষ্টিতে তাঁর জমিয়ে থাকা ধান চাষের ব্যাপক ক্ষতি হয়েছে।জমিতে ধান বলে আর কিছু অবশিষ্ট নেই।রাতে প্রচুর পরিমাণে শিল পড়েছে।যে কারণে চাষের জমি ক্ষতির সম্মুখীন হয়েছে।এই ক্ষতি কীভাবে পূরণ হবে, তিনি জানেন না।

সোমবারের এই ঘটনার পর মঙ্গলবার সকালে ব্লক কৃষি আধিকারিক এবং ব্লক প্রশাসনের আধিকারিকরা চাষের ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাব শুরু করেছেন।ব্লক প্রশাসনের তরফে জানানো হয়েছে, যাঁদের ফসল বিমা করানো আছে, তাঁরা বিমার টাকা পাবেন।কিন্তু যে কৃষকদের ফসলের বিমা নেই, তাঁরা কীভাবে ক্ষতিপূরণ পাবেন সেই বিষয়টা গুরুত্ব সহকারে ভাবা হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *