দিন দর্পণ, ২৮এপ্রিল, দিঘাঃ আর মাত্র মাঝে একটা দিন।আগামী বুধবার অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় উদ্বোধন হবে জগন্নাথ মন্দিরে।দিঘায় সাজো সাজো রব চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি।সোমবার দুপুরে দিঘায় পৌঁছায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ প্রশাসনের শীর্ষকর্তারা।
মুখ্যমন্ত্রী দিঘায় পৌঁছে জগন্নাথ মন্দির চত্বর ঘুরে দেখেন।তিনি বলেন, এই জগন্নাথ ধাম নতুন ও পুরনো প্রজন্মের জন্য নতুন একটা কৃষ্টি, সম্প্রীতির মেলবন্ধন হয়ে থাকবে।যারা কাজটা করেছেন খুব ভালভাবে করেছেন।সমুদ্রের জন্য বিখ্যাত দিঘা।সেখানে বছরভরই লক্ষ লক্ষ পর্যটকের সমাগম হয়।অনেকেই জানতে চান জগন্নাথ মন্দিরের দৌলতে কী দিঘার পরিচয় বদলে যাবে? মুখ্যমন্ত্রী বলেন,অবশ্যই এই মন্দির দিঘার মুকুটে নতুন পালক যোগ করবে, দিঘা আরও উচ্চ শিখরে যাবে।পর্যটকরা যেমন ভ্রমণের জন্য আসবেন তেমন তারা তীর্থস্থানও দেখে যাবেন।আগামী দিনে দিঘা আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হয়ে উঠবে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, আগে তো দিঘায় প্রায় কিছুই ছিল না।আমারআসার পর দিঘায় গেট তৈরি করা হয়েছে, সৈকত নগরীকে সাজিয়ে তোলা হয়েছে।সাত কিমি বিস্তত সি বিচও তৈরি হয়েছে।বিগত কয়েকদিন ধরে দিঘায় বিভিন্ন দেবদেবীর আরাধনা চলছে।ইতিমধ্যেই রবিবার থেকে মঙ্গল মন্ত্রযজ্ঞও শুরু হয়েছে।পুরো কর্মকান্ডের মূল নেতৃত্বে রয়েছেন পুরীর প্রধান সেবাইত রাজেশ দ্বৈতাপতি।
সোমবার দিঘায় জগন্নাথ মন্দিরে চলছে অশ্বযজ্ঞ।উদ্বোধনের আগে মঙ্গলবারে বিভিন্ন পূণ্যক্ষেত্রের জল দিয়ে মহাযজ্ঞ শুরু হবে।মঙ্গলবারের যজ্ঞে পুরীর ও ইসকনের সদস্যরা একসাথে উপস্থিত থাকবেন।পুরো যজ্ঞপর্বেই উপস্তিত থাকবেন মুখ্যমন্ত্রীও।তারপর বুধবার অক্ষয় তৃতীয়ার পূণ্যলগ্নে মন্দিরের উদ্বোধন হবে।পুরো দিঘা ঘিরে উৎসবের মহল।রবিবার থেকেই হাজার হাজার পর্যটক দিঘায় ভিড় জমাতে শুরু করেছে।বিপুল জনসমাগমের সম্ভাবনা থাকায়, তা সামলাতে ইতিমধ্যে রণকৌশলও ঠিক করে ফেলেছে প্রশাসন। তদারকির দায়িত্বে রয়েছেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি।তবে সোমবার থেকে নিজে হাতে পুরো বিষয়টির তদারকি করবেন মুখ্যমন্ত্রীও।তিনি নিজেই আগে একথা জানিয়েছিলেন।সে কারণেই আগাম পৌঁছেও গেলেন দিঘায়।
