দিন দর্পণ, ২৫ এপ্রিল, কলকাতাঃ আগামী ৪৮ ঘন্টার মধ্যেই স্বস্তির বৃষ্টিতে ভিজতে চলেছে গোটা বঙ্গ।হাঁসফাঁস গরমের পরেই স্বস্তির পূর্বাভাস দিল হাওয়া অফিস।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকেই বৃষ্টি নামতে পারে রাজ্যে।ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা।বৃষ্টির ফলে তাপমাত্রাও আবার কিছুটা কমবে।
রবিবার থেকে দক্ষিণের প্রায় সব জেলাতেই বৃষ্টি শুরু হয়ে যাবে।দু’-একটি জেলায় বৃষ্টি হতে পারে শনিবারও।কলকাতায় সোমবার পর্যন্ত ঝড়বৃষ্টির বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।রবিবার এবং সোমবার শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাত এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।একই পূর্বাভাস হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়।এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।এমনকি, বাকি জেলাগুলিতে ঝড়ের গতি থাকতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার।
উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি চলবে।রবিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার-সহ সব জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে।ঝোড়ো হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৬ ডিগ্রি বেশি।বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস।তবে বাঁকুড়া, কলাইকুন্ডা, পানাগড়, আসানসোল, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মালদহে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল।
