দক্ষিণবঙ্গে আগামী তিনদিন ঝড়বৃষ্টির পূর্বাভাস, সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা


দিন দর্পণ, ১৮এপ্রিল, কলকাতাঃ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে বৃহস্পতিবারের বৃষ্টিতে একটু স্নান করলেও সকাল হতেই গরমের মাত্রা আরও বেড়ে চলেছে।দক্ষিণবঙ্গে শুক্রবারও ঝড়বৃষ্টির পূর্বাভাস দিলো আলিপুর আবহাওয়া দপ্তর।তিনটি জেলায় ভারী বৃষ্টি হবে।ঝোড়ো হাওয়া বইতে পারে উপকূল সংলগ্ন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।ঝড়বৃষ্টি চলবে আরও বেশ কিছুদিন।কলকাতায় রবিবার পর্যন্ত বৃষ্টির আবহাওয়া থাকবে।কলকাতা সহ উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলিতেও রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টির আবহাওয়া থাকবে।তারপর থেকে আবারও গরম বাড়তে পারে।দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে সোমবারও বিক্ষিপ্ত বৃষ্টিক সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার বিকেল থেকে কালবৈশাখীর দাপট দেখা গিয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।হুগলিতে শিলাবৃষ্টিও হয়েছে।ঝড়ের তাণ্ডবে উপড়ে গিয়েছে গাছ এবং বিদ্যুতের খুঁটি।মেদিনীপুরেও বৃহস্পতিবার ব্যাপক ঝড়বৃষ্টি হয়েছে।মুষলধারে বৃষ্টি হয়েছে কলকাতায়। এর ফলে তাপমাত্রা বেশ খানিকটা কমেছে।শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা ৫.২ ডিগ্রি কম।বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৩ ডিগ্রির বেশি ওঠেনি।স্বাভাবিকের চেয়ে তা-ও ১.৩ ডিগ্রি কম।

হাওয়া অফিস সূত্রে খবর,শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে।সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।এ ছাড়া বাকি জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।সমুদ্রের উপকূল সংলগ্ন এলাকায় শুক্রবার ঘণ্টায় ৪৫ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।দমকা হাওয়ার বেগ পৌঁছোতে পারে ৫৫ কিলোমিটারেও।সমুদ্র উত্তাল হতে পারে।মৎস্যজীবীদের তাই সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।উত্তরবঙ্গের জেলাগুলিতেও সোমবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে।বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।উত্তরের জেলাগুলিতেও হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *