দিন দর্পণ, কলকাতাঃ কলকাতা শহরের বুকে আজ জোড়া মিছিলে ব্যস্ত।একদিকে পথে নেমেছেন চাকরিহারা অন্যদিকে ওয়াকফ ইস্যু।এই দুই-এর মাঝে আটকে কয়েকশো অ্যাম্বুলেন্স, অফিস যাত্রী ও স্কুল পড়ুয়ারা।দুটি পৃথক কর্মসূচি ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই সরগরম শহর কলকাতা।বিশেষত শিয়ালদহ থেকে মৌলালি হয়ে ধর্মতলা।বেলা গড়াতে সংশ্লিষ্ট রাস্তা কার্যত অবরুদ্ধ। যার প্রভাব পড়েছে আশেপাশের এলাকাতেও।৫ মিনিটের পথ পেরোতে সময় লাগছে ২০ থেকে ২৫ মিনিট।তার ওপর ভ্যাপসা গরম।সবমিলিয়ে যানজটে আটকে নাজেহাল আমজনতা।
সংশোধনী ওয়াকফ বিলের প্রতিবাদে এদিন মৌলালির রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশে নেমেছে ওয়েস্ট বেঙ্গল জমায়েত উলেমা হিন্দ।সেই কর্মসূচি ঘিরে সকাল থেকেই মৌলালী মুখী প্রচুর ছোট গাড়ি।হাজার হাজার মানুষের জমায়েত ঘিরে সকাল থেকেই সংশ্লিষ্ট এলাকায় যানজট বাড়ছিল।এরই মধ্যে পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন বেলা ১২টা নাগাদ শিয়ালদহ থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মহামিছিল শুরু করেছে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা।গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা হয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী।বুধবরাও শহরে বিক্ষোভ মিছিল করেছে তাঁরা।এদিন ডাক দেওয়া হয় মহামিছিলের।যানজট তৈরি হয়েছে পার্ক সার্কাস, মৌলালি, লেনিন সরণি, এজেসি বোস রোড ফ্লাইওভারে।মল্লিকবাজারমুখী সমস্ত রাস্তা এবং মা ফ্লাইওভারে ধীরে ধীরে চলছে গাড়ি।কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছে সিআইটি রোড।
