দিন দর্পণ, কলকাতাঃ পশ্চিমবঙ্গে বৃষ্টিতে অন্তত ৪৪শতাংশ ঘাটতি রয়েছে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর।জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিন্তু যে পরিমান বৃষ্টি হওয়ার কথা তা হচ্ছে না।অনেক জেলায় বৃষ্টিতে ঘাটতি রয়েছে ১০০ শতাংশ।বৃষ্টির সম্ভাবনা থাকলেও গত এক মাসে সে সব জেলায় বৃষ্টি একদমই হয়নি।আগামী সপ্তাহে কালবৈশাখীর পূর্বাভাস দেওয়া হয়েছে।সোমবার থেকে কলকাতা এবং দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।কলকাতায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে হতে পারে বজ্রপাত।দমকা হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।একই পূর্বাভাস রয়েছে হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।বাকি জেলাগুলিতে ঝড়ের গতি হতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার।বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি হতে পারে মঙ্গলবারেও।
দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।রবিবার থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে।বাদ পড়েনি কোচবিহার এবং মালদহও।এই জেলাগুলিতেও বৃষ্টির সঙ্গে ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার।হাওয়া অফিসের পরিসংখ্যান বলছে, গত এক মাসে দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির ঘাটতি ১০০ শতাংশ।মালদহেও ঘাটতির পরিমাণ প্রায় কাছাকাছি, ৯৮ শতাংশ। কলকাতায় এক মাসে প্রয়োজনের তুলনায় ৮৭ শতাংশ কম বৃষ্টি হয়েছে।এ ছাড়া, উত্তর ২৪ পরগনায় ৮০ শতাংশ, হুগলিতে ৯০ শতাংশ, হাওড়ায় ৬০ শতাংশ, নদিয়ায় ৭৫ শতাংশ, উত্তর দিনাজপুরে ৮৪ শতাংশ, জলপাইগুড়িতে ৭৬ শতাংশ, দার্জিলিং-এ ৭৮ শতাংশ, কালিম্পঙে ৮৬ শতাংশ, আলিপুরদুয়ারে ৮৪ শতাংশ এবং কোচবিহারে ৯০ শতাংশ ঘাটতি ছিল বৃষ্টিতে।শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি বেশি। শুক্রবার সারা দিন মেঘলা আকাশ ছিল।দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কমে গিয়েছিল।সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস।
