দিন দর্পণ, বেঙ্গালুরুঃ কর্ণাটকের চিত্রদুর্গ জেলায় ঘটে গেছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা।একই পরিবারের তিনজনের প্রাণ গিয়েছে এই দুর্ঘটনায়।নিহতদের মধ্যে একজন বাবা রয়েছেন ও তার দুই নাবালক সন্তান রয়েছে।ওই পরিবারের আরও দুই সদস্য গুরুত্বর আহত হয়েছেন।এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মনাকালমুর তালুকের বোম্মাক্কানাহাল্লি মসজিদের কাছে জাতীয় সড়ক ১৫০-তে।
পুলিশ সূত্রে জানা যায়, এই পরিবারটি বেঙ্গালুরু থেকে ইয়াদগিরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।নিহতরা হলেন ৩৫ বছর বয়সী মৌলা আধুল, যিনি গাড়ি চালাচ্ছিলেন, এবং তার দুই ছেলে, ১৫ বছর বয়সী রেহমান ও ১০ বছর বয়সী সামীর।আহতরা হলেন আধুলের স্ত্রী ৩১ বছর বয়সী সলিমা বেগম, তার ৭৫ বছর বয়সী মা ফাতিমা এবং তার আরেক ছেলে হুসেন।তারা বর্তমানে বাল্লারী মেডিকেল কলেজ ও রিসার্চ সেন্টারে চিকিৎসাধীন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, গাড়িটি জাতীয়সড়ক ১৫০-তে দ্রুতগতিতে চলছিল এবং হাইওয়ের ডিভাইডারে ধাক্কা লাগার পর নিয়ন্ত্রণ হারিয়ে একটানা ১৫ বার উল্টে যায়।পরে গাড়িটি আবার চাকার ওপর এসে স্থির হয়।ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যা দুর্ঘটনার ভয়াবহতা ফুটিয়ে তুলেছে। পুলিশ দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করছে, তবে অতিরিক্ত গতি এবং ড্রাইভারের নিয়ন্ত্রণ হারানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।বিশেষজ্ঞরা জানিয়েছেন, হাইওয়েতে দ্রুতগতিতে গাড়ি চালানো অত্যন্ত বিপজ্জনক এবং এর ফলে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে।
