জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার, কম্পনের প্রভাব ভারতেও


দিন দর্পণ, ২৮মার্চঃ একমাসের ব্যবধানে আবারও কেঁপে উঠল প্রতিবেশী দেশ মায়ানমার।ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ন্যশানাল সেন্টার ফর সিসোমলজির তথ্য অনুযায়ী, ২৮ তারিখ বেলা ১১টা ৫৫মিনিট নাগাদ কিছুক্ষণের ব্যবধানে দু’বার কম্পন অনুভূত হয়েছে।কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৭.৭।এই কম্পন ভারতেও প্রভাব ফেলেছে।কলকাতা, দিল্লি সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশের মানুষ কম্পন টের পেয়েছেন।কলকাতার কয়েকটি বহুতলে সিলিংফ্যান নড়তে দেখেন অনেকে। দেওয়ালে টাঙানো ছবিও নড়তে থাকে।যা দেখে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।অনেকেই বহুতল ছেড়ে বেরিয়ে আসেন।

জানা যাচ্ছে, এর আগে গত ফেব্রুয়ারিতেও মায়ানমারে ভূমিকম্প অনুভূত হয়েছিল।তখন অবশ্য কম্পনের মাত্রা ছিল ৫.২।এবারে ৭.৭, ভূমিকম্পের উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিমি নীচে।ভূকম্প পর্যবেক্ষণকারীদের মতে, যা যথেষ্ট বেশি।ভূমিকম্পের জেরে মায়ানমারের একাধিক ব্রিজ ভেঙে পড়েছে বলে খবর।ভেঙে পড়েছে একাধিক বহুতলও।ইতিমধ্যে কিছু ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে।তাতে দেখা যাচ্ছে, তাসের ঘরের মতো একের পর এক বহুতল ভেঙে পড়ছে।ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট না হলেও তা ভয়াবহ আকার নিতে পারে বলে মনে করা হচ্ছে।মায়ানমারের পাশাপাশি ভূমিকম্পের প্রভাব পড়েছে থাইল্যান্ডেও।শুক্রবার মায়ানমারের ভূমিকম্পের আফটারশকের কারণে মেঘালয়েও একটি ভূমিকম্প হয়।ভূমিকম্পের উপকেন্দ্র ছিল পূর্ব গারো পাহাড়।রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪.০।ভূমিকম্পটি রেকর্ড করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *