দিন দর্পণ, কলকাতাঃ রাজ্যে গরম পড়তে না পড়তেই কালবৈশাখীর আবির্ভাব হয়েছিল বিগত দুইদিন আগে।মানুষ স্বস্তির নিশ্বাস ফেললেও সপ্তাহের শুরু থেকেই গরমের পূর্বাভাস জারি করলো আলিপুর আবহাওয়া দফতর।বঙ্গোপসাগরে সক্রিয় ঘূর্ণাবর্ত থাকলেও আগামী কয়েকদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।বাড়বে তাপমাত্রা।তবে সোমবার দক্ষিণবঙ্গের পশ্চিমের তিনটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।তবে গরমে হাঁসফাঁস পরিস্থিতি তৈরি হবে কিনা তা ইতিমধ্যে জানানো হয়নি হাওয়া অফিসের পক্ষ্য থেকে।
সোমবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।এই জেলাগুলিতে এখনও হলুদ সতর্কতা জারি রেখেছে হাওয়া অফিস।তবে মঙ্গলবার থেকে আর কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই।সর্বত্র আবহাওয়া থাকবে শুকনো।বুধবার ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।পরের দু’দিন একই রকম থাকতে পারে আবহাওয়া।চলতি সপ্তাহেই কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে।পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা পারদ চড়বে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে।
এদিকে শুক্র থেকে শনিবার নাগাদ উত্তরবঙ্গের উপরের দু-তিন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।শুক্রবার দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।অসম ও দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত।অক্ষরেখা রয়েছে বিদর্ভ এলাকা থেকে কেরল পর্যন্ত।বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা ঝোড়ো বাতাস বইতে পারে কেরল, মাহে, কর্নাটক ও অন্ধ্রপ্রদেশে।বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে ওড়িশা ও সিকিমেও।
