দিন দর্পণ, শিলিগুড়িঃ এবার শিলিগুড়ির যানজট নিয়ে বিধানসভায় আলোচনা করা হয়েছে বৃহস্পতিবার।মূলত মনে করা হচ্ছে যানজটের প্রধান কারণ টোটো রিক্সা।এবার তার টোটো-রিক্সা নিয়ন্ত্রণে নয়া পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার।এরই সাথে যানজটের সমস্যা রুখতে আরও একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার।শিলিগুড়িতে যানজটের সমস্যা আজ নতুন নয়, দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছেন মানুষজন।উত্তর বঙ্গের প্রবেশপথ শিলিগুড়ি যার কারণে ব্যবসা-বাণিজ্যের এক কেন্দ্রস্থল।এরই সাথে রয়েছে পরিবহন জংশন।এখানে বসবাস করেন এক কোটির কাছাকাছি মানুষ।শহরের অভ্যন্তরীণ জনসংখ্যা ৭০ লাখের কাছাকাছি।এই পরিস্থিতিতে সুপরিকল্পিত যানবাহন নিয়ন্ত্রণ অপরিহার্য হলেও, টোটো ও রিক্সার অনিয়ন্ত্রিত চলাচল পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।এই প্রবল সমস্যার কথাই বিধানসভায় তুলে ধরলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ।
বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ-এর এই সমস্যার কথা শুনে এ বিষয়ে বিধানসভায় পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, শিলিগুড়িকে যানজট মুক্ত করতে সরকার একাধিক পদক্ষেপ করতে চলেছে।বর্তমান পরিস্থিতিতে শহরের রাস্তায় প্রায় সাত হাজার টোটো চলে, যার মধ্যে অনেকগুলি টোটোই রেজিস্ট্রার্ড নয়।এগুলির চলাচল নিয়ন্ত্রণে আনার জন্য একটি গাইডলাইন তৈরি করা হচ্ছে।তিনি আরও বলেন, টোটো অনেক যুবকের জীবিকার মাধ্যম, তাই তাঁদের স্বার্থের কথা মাথায় রেখেই এই গাইডলাইন তৈরি করা হবে।এরই পাশাপাশি, শহরের চার হাজার রেজিস্ট্রার্ড রিকশার জন্য কিউআর কোড চালু করা হয়েছে, যাতে নির্দিষ্ট রুটেই তারা চলাচল করতে পারে।
শুধুমাত্র শিলিগুড়ির জন্যই এই ব্যবস্থা এমনটা একদমই নয়, গোটা রাজ্যের জন্যই একটি নতুন টোটো নীতি তৈরির পরিকল্পনা করছে পরিবহণ দফতর।শুধু টোটো ও রিকশাই নয়, বাস পরিষেবাতেও বড় পরিবর্তন আনার কথা ভাবছেন রাজ্য সরকারের।যানজট কমাতে তেনজিং নোরগে বাস স্ট্যান্ডের সামনে থাকা বেসরকারি বাস স্ট্যান্ড সরিয়ে ফেলা হবে।পাশাপাশি, প্রধাননগরে একটি নতুন বাস স্ট্যান্ড তৈরি করা হবে।আন্তঃজেলা ও আন্তঃরাজ্য বাস পরিষেবা আরও উন্নত করতে একটি নতুন বাস টার্মিনাস গড়ারও পরিকল্পনা নেওয়া হয়েছে।সরকার আশ্বাস দিচ্ছে, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে যানজট কমবে।পাশাপাশি শহরের ট্রাফিক নিয়ন্ত্রণ সহজ হবে।কিন্তু, শহরবাসীর মনে একটাই প্রশ্ন শুধুমাত্র নীতি ঘোষনা করলেই সমস্যার সমাধান করা সম্ভব? এ নিয়ে মানুষের মনে একাধিক প্রশ্ন থাকলেও সময়ের সাথেই সমস্ত উত্তর আসবে বলে মনে করা হচ্ছে।
