পোকার পর এবার খাবারে মিলল ব্লেড!  হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় জুড়ে ছাত্র বিক্ষোভ


দিন দর্পণ, হায়দরাবাদঃ  পোকা , কেঁচো, কাঁচের টুকরোর পর এবার খাবারে মিলল ব্লেড । হায়দরাবাদ ওসমানিয়া গোদাবরী ছাত্রাবাসে এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।ঘটনার জেরে বিক্ষোভ শুরু করেন ওই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।তাঁদের অভিযোগ, সুরক্ষা সংক্রান্ত বিষয়ে একবারেই ওয়াকিবহাল নয়  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।আগে খাবারে পাওয়া গিয়েছিল পোকা।বারবার বলা হলেও কোনওরকম ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।তবে এবার খাবারের মধ্যেই মিলেছে ব্লেড।ঘটনার পর থেকে রীতিমতো নিরাপত্তার ওভাবে পড়ুয়ারা ভুগছেন বলে জানিয়েছেন তাঁরা।

খাবারে ব্লেড মিলতেই পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ে ঢোকার প্রধান রাস্তা অবরোধ করে।হাতে থালা-বাটি নিয়ে রাস্তায় বসে পড়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগানও দেয়।পড়ুয়াদের অভিযোগ, মাস গেলে তিন হাজার টাকা দিতে হয়।হরেক রকমের খাবার তো চাই না, অন্তত ভাত-ডাল আর একটা সবজি ঠিকঠাক দিক।সেটাও জুটছে না।এমনকি তাঁদের আরও অভিযোগ, খেতে বসলে চোখে চশমা বা আতশকাচ নিয়ে বসতে হবে।নাহলেই পেটে চলে যেতে পারে উল্টোপাল্টা কিছু।এবার তরকারি থেকে ব্লেড মিলতেই প্রতিবাদে শামিল হয়েছে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।বুধবার রাতভর জারি থাকে এই বিক্ষোভ।

ঘটনার পরেই উপাচার্য এবং প্রধান ওয়ার্ডেন-সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পড়ুয়ারা।তবে এই ঘটনা প্রথম নয়।এর আগেও এমন ঘটনার সাক্ষী থেকেছে অনেকে।ঘটনার দু’দিন আগেই বাধাকপির তরকারিতে কেঁচো পাওয়া যায়।তার কয়েকদিন আগেও খাবারে কাচের টুকরো পাওয়া গিয়েছিল।বারবার অভিযোগ জানিয়েও কোনও রূপ প্রতিক্রিয়া  মেলেনি বলেই দাবি করেন পড়ুয়ারা।গত বছর খাবারের মান নিয়ে প্রশ্ন তুলে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভে সামিল হয়েছিল প্রত্যেকে।অভিযোগ ছিল, খাবারের মধ্যে কেন্নো পাওয়া যায়, আর তা খেয়েই অসুস্থ হয়ে পড়েন প্রায় ১০ জন ছাত্রী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *