দিন দর্পণ, কলকাতাঃ মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীন বুধবার বিধানসভায় বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা।মুখ্যমন্ত্রীর বক্তব্যের পাল্টা বিরোধিতা করেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।বিধানসভায় বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘কোনও ধর্মকে অপমান চলতে পারে না।আপনারা ধর্মীয় কার্ড খেলছেন।’ এদিন মুখ্যমন্ত্রী বক্তব্যের মাঝেই বিজেপি বিধায়কদের বিশৃঙ্খলা সৃষ্টির বিরোধিতা করেন।পাল্টা বাম আমলে তৎকালীন রাজ্যের বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধানসভায় ভাঙচুর চালানোর অভিযোগ তোলে বিজেপি।সেই প্রসঙ্গ টেনে এনে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ মুখ্যমন্ত্রীর জবাব চান।মমতা শঙ্কর ঘোষের উদ্দেশে বলেন, ‘আমি বিধানসভার চেয়ার ভাঙিনি , প্রমাণ করতে পারলে, আমি মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেব।’
বিধানসভায় বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।বিজেপি বিধায়করা এ দিন কালো জামা পরে উপস্থিত হয়েছিলেন বিধানসভায়।মুখ্যমন্ত্রীর ভাষণ চলাকালীন ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা।সংখ্যালঘু সম্প্রদায়ের বিধায়কদের নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি মন্তব্যে বিতর্ক তৈরি হয়।তার নিন্দা করে এ দিন মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেন, ‘ ওঁরা প্ল্যান করে কোনওদিন স্পিকার তো কোনওদিন মুখ্যমন্ত্রীকে অপমান করছেন।সংখ্যালঘু ভাই-বোনরা নিশ্চিন্তে থাকুন।মাইনরিটি মেজরিটি মিলিয়ে একসঙ্গে থাকুন।এটাই আমাদের সংস্কৃতি।’বিরোধী দলনেতার নাম না করে মমতা বলেন, ‘যাঁরা জামাকাপড়ের মতো দলের আদর্শ বদলান, তাঁদের আমি লিডার মনে করি না।’
মুখ্যমন্ত্রীর বক্তব্যের মাঝেই স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়কেরা।মমতা বলেন, ‘যদি কারও কিছু বলার থাকে বলতে পারেন।আমি বসে শুনব।আমার কথা না শুনে স্লোগান শাউটিং করবেন, এটা গণতন্ত্র নয়।’উল্লেখ্য, মঙ্গলবার বিধানসভায় সাম্প্রদায়িক অশান্তির অভিযোগ তুলে মুলতুবি প্রস্তাব এনেছিল বিজেপি।বিরোধী দলনেতা আলোচনার দাবি করলেও স্পিকার সেটা খারিজ করে দেন।এর পরেই বিক্ষুব্ধ বিজেপি বিধায়করা কাগজ ছিঁড়ে বিক্ষোভ দেখান।পরে প্রতিক্রিয়ায় শুভেন্দু তৃণমূলের সংখ্যালঘু মুসলিম বিধায়কদের ‘রাস্তায় ছুড়ে ফেলার’ হুশিয়ারি দেন।শুভেন্দুর এই মন্তব্য নিয়েই শুরু হয় বিতর্ক।
