দিন দর্পণ, হলদিয়াঃ গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল।সোজাসুজি বিধানসভা থেকে তৃণমূল ভবনে চলে যান তিনি।পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল বিজেপি ছেড়ে সোমবার তৃণমূল ভবনে গিয়ে আনুষ্ঠানিক ভাবে শাসক শিবিরে যোগ দিলেন।দীর্ঘদিন ধরে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত।২০১৬ সালের বিধানসভা নির্বাচনে সিপিএমের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছিলেন তিনি।২০২১-এর নির্বাচনের আগে সুরবদল করেন তাপসী।দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি।দল বদলে প্রার্থী হয়ে জিতেওছিলেন তাপসী।ছাব্বিশের নির্বাচনের আগে ফের দল বদলালেন তাপসী।
সোমবার সকালে বিধানসভা অধিবেশনে যোগ দেন তিনি।হঠাৎই সেখান থেকে বেরিয়ে এক তৃণমূল নেতার সঙ্গে হাজির হন তৃণমূল ভবনে।মন্ত্রী অরূপ বিশ্বাসের পাশে বসে তৃণমূলে যোগ দিলেন তিনি।তৃণমূলে যোগদানের পরই তাপসী বলেন, প্রগতিশীল বাংলায় বিভাজনের রাজনীতি চলছে।তবে মানুষ তা প্রত্যাখ্যায়ান করছে।আমার পক্ষেও বিভাজনের রাজনীতি মেনে নেওয়া সম্ভব নয়।সেই জন্যই দল ছাড়ার সিদ্ধান্ত।প্রগতিশীল বাংলাকে রক্ষা করতে, মূলত হলদিয়ার মানুষের জন্য কাজ করতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যুক্ত হলাম।তাঁর নির্দেশেই আগামীতে মানুষের জন্য কাজ করব।আগামীতে সুন্দর বাংলা তৈরির প্রতিশ্রুতিও দিলেন তাপসী।
কেন এই দলবদল সে বিষয়ে প্রশ্ন? জানা যাচ্ছে, বেশ কিছুদিন আগেই নাকি শুভেন্দু অধিকারীর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল তাপসী মণ্ডলের।তার একাধিক দায়িত্ব থেকে নাকি সরিয়ে দেওয়া হয়েছিল তাঁকে।দলের অন্দরেই সেই সমস্যা মেটানোরও চেষ্টা করা হয়েছিল বলে খবর।তাতে লাভ না হওয়ার জেরেই এই দলবদলের সিদ্ধান্ত।এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, বিজেপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশ কোনও বিধায়কই আর জেলা সভাপতি পদে থাকবেন না।সেই কারণেই নাকি দলবদল।শুভেন্দুর দাবি, তাপসী মণ্ডল দল ছাড়বেন তা নাকি আগেই জানা ছিল তাঁদের।
