টানা ১৯ দিন বন্ধ হাওড়া-খড়গপুর লাইনের ট্রেন পরিষেবা


দিন দর্পণ, হাওড়াঃ আবারও টানা ১৯ দিন বন্ধ থাকতে চলেছে হাওড়া- খড়গপুর লাইনের ট্রেন পরিষেবা।আরও একবার যাত্রী ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে।ফের একগুচ্ছ লোকাল ও একাধিক এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকার সম্ভাবনা জারি হয়েছে।রেল সূত্রে খবর, মেগা পাওয়ার ব্লক থাকবে হাওড়া লাইনে। সেই কারণেই ট্রেন বন্ধ থাকতে পারে।আগামী সোমবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ হবে। 

আগামী ৩০ এপ্রিল থেকে অন্তত ১৯ দিন ওই শাখায় পাওয়ার ব্লক থাকার সম্ভাবনা রয়েছে।হাওড়া-খড়গপুর শাখায় এই মেগা পাওয়ার ব্লক থাকবে বলে রেল সূত্রে খবর।সে ক্ষেত্রে বাতিল করা হতে পারে ২১২টি লোকাল ট্রেন।পাশাপাশি বাতিল থাকতে পারে অন্তত ৬৪টি এক্সপ্রেস ট্রেনও।রেল সূত্রে খবর, এতদিনের পাওয়ার ব্লক কমিয়ে সংক্ষিপ্ত করা যায় কি না সে ব্যাপারে চিন্তাভাবনা চলছে।এপ্রিল মাসের শেষের দিক থেকে হাওড়া-খড়গপুর শাখার সাঁতরাগাছিতে ইয়ার্ডের রিমডেলিংয়ের জন্য কাজ হবে।এছাড়াও একাধিক উন্নয়নমূলক কাজ হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে।ফলে, দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনে মেগা ট্রাফিক ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেল সূত্রে আরও জানা গিয়েছে, এই কাজের জন্য ১৯ দিনে মোট ২১২টি লোকাল ট্রেন বাতিল থাকবে।২ মে থেকে ১৮ মে পর্যন্ত আপ ও ডাউন লাইনে ৬৪টি মেল, এক্সপ্রেস ট্রেন বাতিল থাকবে।এছাড়া অনিয়মিত সময়ে চলবে ১৫টি দূরপাল্লার ট্রেন।আগামী ৩ মে থেকে ১৭ মে পর্যন্ত স্বল্প দূরত্বে চলবে ১২ জোড়া এক্সপ্রেস ট্রেন।অর্থাৎ ট্রেনগুলির রুট বদল হয়ে যাবে।একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন বাতিল থাকলে নিত্যযাত্রীরা ভোগান্তির শিকার হবেন বলেই আশঙ্কা করা হচ্ছে।আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, এপ্রিলে গরম বাড়বে।ফলে, ট্রেন বাতিল থাকলে যেগুলি চলবে তাতে ঠাসা ভিড় হওয়ার আশঙ্কাও থাকছে।এরপর সোমবারের চূড়ান্ত সিদ্ধান্তের উপর নির্ভরশীল রয়েছে নিত্যযাত্রীরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *