দিন দর্পণ, কলকাতাঃ এবার এআই ব্যবহার করে নয়া সিদ্ধান্ত রাজ্য সরকারের।রাজ্য সরকারের পুরনো এবং সমস্ত প্রকল্পের মধ্যে অন্যতম প্রকল্প কন্যাশ্রী।স্কুল কলেজের ছাত্রীদের জন্য এ এক অনন্য প্রকল্প।এবার সেই প্রকল্পের জন্য নয়া সিদ্ধান্ত রাজ্য সরকারের।কন্যাশ্রী প্রকল্পের সুবিধা দ্রুত এবং নির্ভুলভাবে ছাত্রীদের কাছে পৌঁছে দিতে অত্যাধুনিক প্রযুক্তিতে কৃত্রিম বুদ্ধি মত্তার সাহায্য নিয়েছে রাজ্য।এই ক্ষেত্রে নারী শিশু ও সমাজ কল্যাণ দফতর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার ও প্রয়োগের উদ্যোগ নিয়েছে।
এআই-এর সাহায্যে সরকারি দফতরের নানা কাজের সুবিধা হওয়ার পাশাপাশি কাজের ক্ষেত্রে নির্ভুলতাও হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।রাজ্য সরকারের এক শীর্ষ আধিকারিকের কথায়, কন্যাশ্রী প্রকল্প-এর অধীনে ১৩-১৮ বছরের অবিবাহিত স্কুলপড়ুয়া মেয়েরা প্রতি বছর ১,০০০ টাকা এবং ১৮ বছর পর্যন্ত অবিবাহিত থেকে পড়াশোনা চালিয়ে গেলে এককালীন ২৫,০০০ টাকা পান।কিন্তু, এই সংক্রান্ত বিপুল পরিমাণ তথ্য একসাথে আপলোডের সময় ছোটখাটো ভুল, যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আইএফএসসি কোডে ত্রুটি, দুই ছাত্রীর এক নম্বর ব্যবহার ইত্যাদি কারণে কোনও কোনও ক্ষেত্রে সমস্যা তৈরি হয়।তাই চেষ্টা করা হচ্ছে এ ধরনের ত্রুটি ঠিক করতে অত্যাধুনিক প্রযুক্তি বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে দ্রুত এবং নির্ভুলভাবে এই পরিষেবা প্রত্যেক ছাত্রীর কাছে পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে।মূলত, সরকারি সুযোগ-সুবিধা প্রদানের ক্ষেত্রে সময়, তথ্যগত ভুল দ্রুত সমাধানে রাজ্য প্রশাসন এআই-ভিত্তিক প্রযুক্তি আনছে, যা আবেদনকারীদের তথ্য যাচাই করে দ্রুত ভুল চিহ্নিত করতে পারবে।সাধারণ সফ্টওয়্যারের তুলনায় এআই আরও দ্রুত ও নির্ভুলভাবে কাজ করবে বলে মত বিশেষজ্ঞ মহলের।
