দিন দর্পণ, ভুবনেশ্বরঃ পুরীর জগন্নাথ মন্দিরে দর্শনার্থীদের জন্য নয়া নিয়ম চালু করা হতে চলেছে।জগন্নাথ দেবের মন্দিরে দর্শন সংক্রান্ত বিষয়ে মন্দির কর্তৃপক্ষের প্রস্তুতি কেমন তা খতিয়ে দেখেছেন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা প্রকাশ মিশ্র।তিনি জানিয়েছেন, মন্দির কমিটির সাথে পর্যলোচনা করার পরই নয়া নিয়ম চালুর কথা জানানো হবে।
নতুন পরিকল্পনা অনুযায়ী, জগন্নাথ দেবের নাট মন্দির বরাবর ব্যারিকেড করে মোট ছয় লেনের র্যাম্প বানানো হবে।এর ফলে পুন্যার্থীরা খুব সহজেই মন্দির দর্শন করতে পাবেন।পুরুষ,মহিলা,প্রবীণ এবং বিশেষভাবে সক্ষমদের জন্য ভিন্ন ভিন্ন লাইনের সুব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন জগন্নাথ দেবের মন্দির কর্তৃপক্ষ।জগন্নাথ দেব দর্শনের নয়া নিয়ম অনুযায়ী, ‘সাত পহচা’ হয়ে প্রবেশ করতে হবে পুণ্যার্থীদের।মহিলা এবং বয়স্কদের বেরোনোর ব্যবস্থা করা হচ্ছে ঘণ্টিদ্বার দিয়ে।মন্দির দর্শন শেষে গড়ুরদ্বার হয়ে বেরোতে হবে পুরুষ পুণ্যার্থীদের।
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, নয়া এই ব্যবস্থা চালু হলে মন্দির এবং বিগ্রহ দর্শন অনেকটাই মসৃণ হবে।পুণ্যার্থীরা ভাল ভাবে দর্শন করার সুযোগ পাবেন।মন্দিরে প্রবেশ থেকে শুরু করে দর্শন; সব ক্ষেত্রেই পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি হয়।কখনও কখনও আবার বিশৃঙ্খল পরিস্থিতিরও সৃষ্টি হয়।তাই আগামী দিনে যাতে এ রকম পরিস্থিতির সৃষ্টি না হয়, পুণ্যার্থীদের স্বার্থে তাই দর্শনের নিয়মে পরিবর্তন আনা হচ্ছে।
