ঘাটাল মাস্টার প্ল্যানে অধিগ্রহণ না করে, জমি কিনতে হবে রাজ্যকে


দিন দর্পণ, পশ্চিম মেদিনীপুরঃ ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বৃহস্পতিবার দাসপুর ও ঘাটালে দু’দফায় স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসেছিলেন সেচ দপ্তরের আধিকারিকরা।ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কোনও জমি অধিগ্রহণ করা হবে না।প্রয়োজন মতো জমি কিনে নেওয়া হবে বলে জানিয়েছে সেচ দপ্তর।এদিন প্রথমে দাসপুর এক নম্বর ব্লকের মিলনমঞ্চে দাসপুর এক ও দুই নম্বর ব্লকের সমস্ত স্তরের জনপ্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসা হয়।

ঘাটাল শহরের টাউন হলে ঘাটাল ও চন্দ্রকোনা এক নম্বর ব্লকের স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে আলোচনা করা হয়।জানা গিয়েছে, মোট সাড়ে ৩১ কিলোমিটার নদী পুনর্খনন করা হবে।সাড়ে ১০ কোটি টাকা ব্যয়ে পাঁচটি স্লুইস গেট তৈরি করা হচ্ছে।ঘাটাল পুর এলাকায় ৩১ কোটি টাকা ব্যয়ে দু’টি পাম্প হাউস নির্মাণ করা হবে।ঘাটাল পুরসভার মধ্য দিয়ে প্রবাহিত শিলাবতী নদীর বাম পাড়ে সাড়ে তিন কিলোমিটার গার্ডওয়াল তৈরি করা হবে।এর জন্য ইতিমধ্যেই ৬৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মোট ৮৬ কিলোমিটার শিলাবতী নদী খনন করা হবে।নিউ কাঁসাই নদীর ৪৮.৭০ কিলোমিটার ড্রেজিং করা হবে।নাড়াজোল সার্কিটের কাছে কিছু জলাশয় খনন করা হবে।

এদিন উপস্থিত ছিলেন, সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার উত্তম হাজরা, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার উজ্জ্বল মাখাল, ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, জেলা পরিষদের কৃষি ও সেচ দপ্তরের কর্মাধ্যক্ষ আশিস হুতাইত প্রমুখ।উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ-সভাপতি, জেলা পরিষদ সদস্যরা।ঘাটাল মাস্টার প্ল্যানের মূল ১৪টি বিষয় নিয়ে আলোচনা করা হয় সভায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *