মহাকুম্ভের পরিস্থিতি সামাল দিতে নেমেছে হেলিকপ্টার ও আধাসেনা


দিন দর্পণ, ২৯জানুয়ারিঃ মৌনী অমাবস্যায় মাত্রাতিরিক্ত ভিড় হয়েছে মহাকুম্ভে।তার ফলে পদপিষ্টের ঘটনা ঘটেছে।ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, আহত বহু।বুধবার সকালের পর কুম্ভের ছবিটাই পুরো বদলে গেছে এই ঘটনার জন্য।চারিদিকে যেন শুধুই হাহাকার।ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জামাকাপড়, জুতো, ব্যাগ।আতঙ্কিত পুণ্যার্থীদের একাংশ দ্রুত প্রয়াগরাজ ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছেন।যদিও পদপিষ্টের ঘটনার পর পরই উত্তরপ্রদেশ সরকারের তরফে একাধিক পদক্ষেপ করা হয়েছে।প্রশাসনের তরফ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে সতর্কবার্তা দেওয়া হচ্ছে।ত্রিবেণী সঙ্গমের দিকে না গিয়ে কাছাকাছি ঘাটে স্নান করুন।মহাকুম্ভের উপর নজরদারি করছে হেলিকপ্টার।মেলার মাঠে সতর্ক পাহারায় পৌঁছে গিয়েছে এনএসজি, আধাসেনা।

দুর্ঘটনার পরেই দ্রুত শুরু হয় উদ্ধারকাজ।পদপিষ্টের ঘটনার পর হাসপাতালগুলিতে ভিড় করছেন পুণ্যার্থীরা।অনেকে সঙ্গীদের খুঁজে না পেয়ে মর্গের বাইরেও ভিড় করছেন।হুড়োহুড়িতে অনেকেই বিচ্ছন্ন হয়ে গিয়েছেন।পুলিশ, দমকলের বাহিনীর পাশাপাশি রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী কাজে নামে।পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র‌্যাফ।ইতিমধ্যে মেলার মাঠে পৌঁছে গিয়েছে এনএসজি, আধাসেনা।মাইকে ঘোষণায় পুণ্যার্থীদের ত্রিবেণী সঙ্গমের দিকে যেতে বারণ করা হচ্ছে।নতুন করে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেদিকে কড়া নজর রাখছে যোগী সরকার।এই কারণে হেলিকপ্টার উড়ছে মহাকুম্ভের আকাশে।সব মিলিয়ে  পবিত্র মহাকুম্ভের পরিবেশ বদলে গিয়েছে আতঙ্কের মেলায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *