দিন দর্পণ, লক্ষৌঃ উত্তরপ্রদেশের বাগপতে এক ধর্মীয় অনুষ্ঠানে ৬৫ফুট উঁচু মঞ্চ ভেঙে পড়ে বিপত্তি।জৈন সম্প্রদায়ের একটি অনুষ্ঠান হওয়ার সময় ঘটে যায় ভয়াবহ এক ঘটনা।অনুষ্ঠানের জন্য তৈরি করা হয়েছিল বড় মঞ্চ।লাড্ডু বিতরণের সময়ে হুড়োহুড়ি পড়ে গেলে পদপিষ্টের মতো পরিস্থিতির সৃষ্টি হয়।অনেকে এদিকে ওদিকে পালাতে চেষ্টা করেন।সেই সময়েই মঞ্চ ভেঙে পড়ে।মঞ্চটির উচ্চতা ৬৫ফুট উঁচু ছিল।বাঁশ কাঠ দিয়ে ওই মঞ্চ প্রস্তুত করা হয়েছিল।বাগপতের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের, আহত অন্তত ৫০ জন।মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কারণ ভাঙা মঞ্চের তলায় অনেকে চাপা পড়ে থাকতে পারেন।
বাগপতের জেলাশাসক জানিয়েছেন, ৬৫ ফুট উঁচু ওই মঞ্চটি কাঠ এবং বাঁশ দিয়ে বানানো হয়েছিল।মাত্রাতিরিক্ত ভিড়ের চাপ সহ্য করতে পারেনি মঞ্চটি।তার কারণেই দুর্ঘটনা ঘটে।ইতিমধ্যে যাদের উদ্ধার করা হয়েছে তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।জোরকদমে চলছে উদ্ধারকাজ।ভাঙা মঞ্চের নীচে কমপক্ষে ২০-৩০ জন চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
বিশাল উঁচু সেই মঞ্চ ভক্তদের উপর ভেঙে পড়ায় হুড়োহুড়ি পড়ে যায়।মঙ্গলবার সকাল ৭টা থেকে ৮টার মধ্যে ঘটনাটি ঘটেছে।যে মঞ্চটি বানানো হয়েছিল, তার উপর ৪-৫ ফুট উঁচু বিগ্রহ রাখা ছিল।কাঠ এবং বাঁশের তৈরি সেই মঞ্চে সিঁড়ি দিয়ে উঠছিলেন ভক্তেরা।সে কারণেই অতিরিক্ত ভার রাখতে না পাড়ায় এই ঘটনা ঘটে।পুলিশ জানিয়েছে, প্রতি বছরই জৈনদের এই অনুষ্ঠান হয় বাগপতে।দেশের বিভিন্ন প্রান্ত থেকে ‘আদিনাথ নির্বাণ লাড্ডু’ অনুষ্ঠানে যোগ দিতে আসেন এই সম্প্রদায়ের মানুষ।তবে এবারে একটু বেশি ভিড় হওয়ায় এই ঘটনা বলে মনে করা হচ্ছে।
