এবার থেকে জঙ্গলভ্রমণে লাগবে না কোনও প্রবেশমূল্য


দিন দর্পণ, ২৪শে জানুয়ারীঃ  মুখ্যমন্ত্রীর ধমকেই রাতারাতি নয়া পদক্ষেপ।রাজ্যের সমস্ত বনাঞ্চলের প্রবেশমূল্য প্রত্যাহার করল বনদপ্তর।বৃহস্পতিবার অর্থাৎ ২৩ জানুয়ারি থেকেই বন দফতরের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন থেকে বনাঞ্চলে প্রবেশের জন্য কোনও প্রবেশ মূল্য দিতে হবে না।তবে এই নিয়ম শুধুমাত্র নেতাজী জন্মবার্ষিকী উপলক্ষেই ছাড়পত্র দেওয়া হয়েছিল বলে মনে করা হয়।কিন্তু, পরদিন শুক্রবার দেখা যায় রাজ্যের প্রধান বনাঞ্চলগুলিতে প্রবেশমূল্য নেওয়া হচ্ছে না।এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন ডিএফওরা।প্রবেশ মূল্য প্রত্যাহারের খবরে উচ্ছ্বসিত আগন্তুক পর্যটকরা। 

ঘটনার সূত্রপাত, পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে বলে বুধবার আলিপুরদুয়ারের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানিয়েছিলেন স্থানীয় বিধায়ক সুমন কাঞ্জিলাল।‘জঙ্গল সাধারণ মানুষের অধিকার’বুধবার আলিপুরদুয়ারের সভা থেকে একথা বলেই মুখ্যমন্ত্রী চড়াও হয়েছিলেন বনদপ্তরের উপর।প্রশ্ন করেছিলেন, কেন বনাঞ্চলে প্রবেশে আমজনতাকে গুণতে হবে টাকা?পর মুহূর্তেই নির্দেশ দিয়েছিলেন যেন অবিলম্বে এই প্রবেশ মূল্য প্রত্যাহার করা হয়।যাতে বিনা খরচে জঙ্গলের অভিজ্ঞতা পেতে পারেন সকলেই।মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই প্রবেশমূল্য প্রত্যাহারের নোটিস দেওয়া হয়েছে।বৃহস্পতিবারই বক্সায় দেখা যায় প্রবেশমূল্য সংক্রান্ত নোটিস।তবে মনে করা হয়েচ্ছিল, ২৩ জানুয়ারি হওয়ায় ওইদিন বিশেষ ছাড় দেওয়া হয়েছে।পরবর্তীতে খোলসা হয়েছে গোটা বিষয়টা।

উল্লেখ্য, এতদিন বক্সা বাঘ বনে ঢুকতে গেলে পর্যটকদের প্রতিদিনের জন্য মাথা পিছু দিতে হত ১৫০ টাকা।এছাড়া প্রতি গাড়ির জন্য ৪৮০ টাকা ধার্য করেছিল বন কর্তৃপক্ষ।বুধবার প্রশাসনিক বৈঠকে এই বিষয়টি তুলে ধরেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল।তারপরই এই সিদ্ধান্ত।জানা যাচ্ছে, রাজ্যের প্রশাসনিক প্রধানের হুঁশিয়ারির পরই নড়েচড়ে বসে বন দফতর।স্বভাবতই, উচ্ছ্বসিত পর্যটকরা।তাঁদের অনেকের মতে, এরকম অনেক বিষয়ই রয়েছে, যেগুলি মুখ্যমন্ত্রীর নজরে না আসার ফলে যা খুশি তাই হয়ে চলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *