দিন দর্পণ, কলকাতাঃ ৬৪দিনের মাথায় গতকাল সোমবার আর জি কর তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের মামলায় সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদন্ডের সাজা ঘোষণা করা হয়েছে।কিন্তু, এই সাজার তীব্র প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানাল রাজ্য সরকার।সোমবার শাস্তি ঘোষণার পরেই মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, তিনি চান দোষী যেন চরমতম শাস্তি পায়।কিছুক্ষণ পরেই এক্স হ্যান্ডেলে তিনি স্পষ্ট করে দেন, আরজি কর মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারকে ধর্ষণ খুনের মামলায় আদালতের বিচারে আমি স্তম্ভিত।আদালত এই ঘটনাটিকে বিরলের মধ্যে বিরলতম ঘটনা আখ্যা দিল না দেখে অবাক লাগল।গত ৩-৪ মাসে এই ধরনের অপরাধে আমরা একাধিক অপরাধীর মৃত্যুদণ্ড নিশ্চিত করেছি।সরকার দোষীর ফাঁসির দাবিতে কলকাতা হাইকোর্টে আবেদন জানাবে।
মুখ্যমন্ত্রীর কথা মতোই মঙ্গলবার সকালে হাইকোর্টে মামলা করার আবেদন জানাল রাজ্য।কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে মঞ্জুর করেছে সে আবেদন।মুখ্যমন্ত্রী আরও বলেন, দোষীর চরমতম শাস্তি প্রত্যাশা করেছিলেন।আদালতের দেওয়া রায়ে যে তিনি সন্তুষ্ট নন, তা স্পষ্ট করে তিনি বলেছেন, ফাঁসির সাজা হলে অন্তত কিছুটা সান্ত্বনা পেতাম।পাশাপাশি, পরোক্ষে সিবিআইয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।তাঁর বক্তব্য, যদি আমাদের হাতে তদন্ত থাকত, তাহলে অনেক আগেই দোষীর ফাঁসির সাজা নিশ্চিত করা যেত।
