দিন দর্পণ, কলকাতাঃ শুধু হাওড়াতেই নয়, এবার শিয়ালদহ থেকেও ছাড়বে ভারতের দ্রুতগামী বন্দে ভারত এক্সপ্রেস।ইতিমধ্যেই হাওড়া স্টেশন থেকে একাধিক বুলেট ট্রেন সচল রয়েছে, কিন্তু এবার শিয়ালদহ স্টেশন থেকে বন্দে ভারতের সচলতার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।আপাতত যাবতীয় প্রয়োজনীয় পরিকাঠামোর কাজ চলছে বলে খবর।রেলের তরফে জানানো হয়েছে, আগামী ৩ মাসের মধ্যেই শিয়ালদহ স্টেশন থেকে এই সেমি বুলেটের পরিষেবা পাবেন আমজনতা।
রেল সূত্রে জানা গিয়েছে, কলকাতা টার্মিনাল লাগোয়া কাশীপুরে আধুনিক কোচিং ডিপো তৈরি করা হবে।যার জন্য আনুমানিক খরচ ধরা হয়েছে ২৫০ কোটি টাকা।এই টাকা মারফত যাবতীয় আধুনিক সুবিধাযুক্ত ওই রেলডিপো বা রক্ষণাবেক্ষণের পরিকাঠামোটি তৈরি হবে।এছাড়াও ট্র্যাকের কাজও করা হবে।হাওড়ার ঝিল সাইডিংয়ের ধাঁচে ভবিষ্যতের জন্য ওই পরিকাঠামো গড়ে তোলার পাশাপাশি, কলকাতা ও শিয়ালদহ স্টেশনের ট্রেন রক্ষণাবেক্ষণ পরিকাঠামোও উন্নত করা হচ্ছে।দু’জায়গাতেই সর্বাধিক ২৪ কোচের ট্রেনের রক্ষণাবেক্ষণ করার ব্যবস্থা করতে সম্প্রতি পিট লাইনের দৈর্ঘ্য বাড়ানো হয়েছে।এর পাশাপাশি পুরনো সেতুর সংস্কার করে ট্রেনের গতি বাড়ানোর উপরেও বিশেষ নজর দেওয়া হচ্ছে।কাজ শেষ হলেই শিয়ালদহ থেকে ছুটবে হাইস্পিড বুলেট ট্রেন বন্দে ভারত।ইতিমধ্যেই ওই এলাকা পরিদর্শন করেছেন পূর্ব রেলের উচ্চপদস্থ আধিকারিকরা।
উল্লেখ্য, রেলের তরফে সারা দেশে বন্দে ভারত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বিগত কয়েকবছর আগে।তাতে স্বাভাবিকভাবেই বাংলার নামও যুক্ত ছিল।এরাজ্যে সর্বপ্রথম বন্দে ভারত চালু হয় হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি রুটে।এই মুহূর্তে রাজ্যে মোট নয়টি রুটে চলে এই বন্দে ভারত এক্সপ্রেস।হাওড়া-নিউ জলপাইগুড়ি, হাওড়া-পুরী, নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি, হাওড়া-পাটনা, নিউ জলপাইগুড়ি-পাটনা এবং হাওড়া-রাঁচি, হাওড়া-ভাগলপুর, হাওড়া-গয়া ও হাওড়া রৌরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেস।
