দিন দর্পণ, কলকাতাঃ এবার শীতেও ঘোরা যাবে কাশ্মীরের সোনমার্গ।পর্যটকদের জন্য নয়া উদ্দ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার।কাশ্মীরের গান্ডেরবাল জেলায় জোজিলা টানেল প্রকল্পের প্রথম ধাপ হিসেবে নির্মিত হচ্ছে জেড মোড় টানেল।যা সাধারণত শ্রীনগর ও সোনমার্গকে একত্রিত করবে পাশাপাশি সারাবছর যোগাযোগ স্থাপনে সহায়তা করবে।কাশ্মীরের এই নয়া টানেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।তা নিয়ে সাজো সাজো রব উপত্যকাজুড়ে।এই টানেলটি মূলত ৬.৫কিলোমিটার দীর্ঘ।এটি তৈরিতে ব্যবহার করা হয়েছে নিউ অস্ট্রিয়ান টানেলিং মেথড।এই টানেলটির মাধ্যমে সারা বছর সোনামার্গে পৌঁছানো সম্ভব হবে।এছাড়াও এই টানেলটি চালু হলে লাদাখের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে।এমনকি শ্রীনগর-লে হাইওয়ের যাত্রাপথও সম্পূর্ণ নিরাপদ ও সাশ্রয়ী হবে।
টানেলের নির্মাণ শেষে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন এই নয়া টানেলের।জানা গিয়েছে, টেস্ট রান এবং প্রযুক্তিগত সিস্টেম ইনস্টলেশনের কাজ চলছে।যা শীঘ্রই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে।জেড-মোড় টানেল জোজিলা টানেলের জন্য এক বড় পদক্ষেপ।জোজিলা টানেল চালু হলে লাদাখের সঙ্গে সারা বছর সংযোগস্থাপন বজায় রাখা সম্ভব হবে।এই দুটি প্রকল্প জম্মুকাশ্মীর এবং লাদাখের মধ্যে সংযোগ আরও মজবুত করবে বলেই আশা করা হচ্ছে।
সোনমার্গের বাসিন্দা ফায়াজ আহমেদের কথায়,আমাদের জন্য এই টানেল শুধু যোগাযোগের মাধ্যম নয় এটা আশা।শীতে আমরা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি।এই প্রকল্প আমাদের সেই যন্ত্রণা থেকে মুক্তি দেবে।আবার সোনমার্গের হোটেল মালিক নাসির মালিক বলেন আগে শীতকালে ব্যবসা বন্ধ রাখতে হত।কিন্তু এখন সারা বছর খোলা রাখার পরিকল্পনা করছি।এর ফলে আরও বেশি পর্যটক আসবেন।টানেল উদ্বোধনের দিন অনেক আশা নিয়ে শ্রীনগরের এক ট্যুর অপারেটর ইরফান শেখ বলেন, সোনমার্গ আমাদের পর্যটন প্যাকেজের অন্যতম আকর্ষণ।জেড-মোড় টানেল চালু হলে শীতকালেও পর্যটকদের নিয়ে যাওয়ার সুযোগ পাব। কাশ্মীরের পর্যটন শিল্পে এটা বিপ্লব আনবে।
