দিন দর্পণ, কলকাতাঃ গঙ্গাসাগরে পূণ্যস্নান সারতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজির হচ্ছে পূণ্যার্থীরা।তাঁদের বেশ অনেকেই বাবুঘাটে অস্থায়ী বাসস্থান গড়ে তুলেছে।তাঁদের যাতে কোনওরকম অসুবিধায় পড়তে না হয় তার যাবতীয় ব্যবস্থা করেছে রাজ্য সরকার।খাবারের আয়োজনের পাশাপাশি পানীয় জলেরও ব্যবস্থা করা হয়েছে।এছাড়াও পূণ্যার্থীদের স্বাস্থ্যের কথা ভেবে গড়ে তোলা হয়েছে একটি ‘মিনি হাসপাতাল’।
সরকারি, বেসরকারি উদ্যোগে প্রতিদিন স্বাস্থ্যজনিত পরীক্ষা নেওয়া হচ্ছে ভিনরাজ্য থেকে আসা মানুষদের।এমনকী জরুরি ভিত্তিতে ২৪ ঘণ্টার জন্য অ্যাম্বুল্যান্সও রাখা রয়েছে পুণ্যার্থীদের সুবিধার্থে।৯ জানুয়ারি থেকে এই বিশেষ পরিষেবাগুলি চালু রয়েছে।সেখানে নার্স, ডাক্তাররা কর্মরত অবস্থায় রয়েছেন।এই হাসপাতাল ২৪ ঘণ্টা খোলা থাকছে।ভিন্ন শিফটের ডিউটিতে নার্সও থাকছেন ২৪ ঘণ্টা।বেশকিছু গুরুত্বপূর্ণ জীবনদায়ী ওষুধ সহ প্যারাসিটামল, ব্যথার ওষুধ, প্যান ডি’র মতো গ্যাস অম্বলের ওষুধও মজুত রয়েছে এই সরকারি স্বাস্থ্য ক্যাম্পে।
এক ডাক্তার জানিয়েছেন, উত্তর প্রদেশ থেকে আসা একজন মহিলা এখানে এসে অসুস্থ হয়ে পড়েন।তাঁকে প্রাথমিক চিকিৎসা করে এন আর এস হাসপাতালে পাঠাতে হয়েছে।তিনি এতটাই অসুস্থ ছিলেন যে তাঁকে হাসপাতালে পাঠাতে আমরা বাধ্য হয়েছি।অর্থাৎ, অস্থায়ী ক্যাম্প অফিস থেকে ‘রেফার’কেসও গেছে।গঙ্গাসাগরে স্নান করার জন্য ঝাঁসি থেকে স্বামীর সঙ্গে এসেছেন হেমলতা দেবী।রাতে জ্বর এসেছিল।তিনিও ক্যাম্প থেকে ওষুধ নিয়েছেন।তবে সরকারি স্বাস্থ্য শিবির ছাড়াও বেশ কয়েকটি বেসরকারি সংস্থার উদ্যোগে ক্যাম্প করা হয়েছে।
