অবারও কলকাতায় বাসের ধাক্কায় মৃত্যু পথচারীর


দিন দর্পণ, কলকাতাঃ আবারও কলকাতায় আরও এক বাস দুর্ঘটনা।বড়বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে ওই মিনিবাস প্রথমে গার্ডরেলে ধাক্কা মারে।তারপরই বাসটি ফুটপাতে থাকা ৪জনকে ধাক্কা মারে।মৃত্যু হয়েছে এক বৃদ্ধার।আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ৩জন তাঁদের মধ্যে এক  শিশুও ছিল।শুক্রবার হাওড়াগামী একটি মিনিবাস রাস্তা ছেড়ে রেলিং ভেঙে উঠে পড়ে ফুটপাতে।সজোরে ধাক্কা মারে পথচারীদের।জখম অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় মহিলার মৃত্যু হয়।ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল মহাত্মা গান্ধী রোড ও কলাকার স্ট্রিটের সংযোগস্থলে।বেশ কিছুক্ষণ ব্যহত হয় যান চলাচল।

মিনিবাসের চালককে আটক করে পুলিশ।চালকের বক্তব্য, বাসের ব্রেক ফেল হওয়ায় এই র্দুঘটনা ঘটেছে।দুর্ঘটনাগ্রস্থ বাসটি নতুন।তা সত্ত্বেও কেন এই ঘটনা, তা এখনও স্পষ্ট নয়।তবে বাসটির যান্ত্রিক গোলযোগ আগে থেকেই ছিল কি না, বা গোলযোগ রয়েছে জানা সত্ত্বেও রাস্তায় নামানো হয়েছিল কি না, তা জানার চেষ্টায় তদন্তকারীরা। প্রসঙ্গত, গত বছর ৩১ ডিসেম্বর তেলেঙ্গাবাগানে বাসের রেষারেষিতে মৃত্যু হয়েছিল একজনের।ফের কলকাতায় বাসের দৌরাত্ম্য সামনে এল।গত নভেম্বরে সল্টলেকে দু’টি বাসের রেষারেষিতে চতুর্থ শ্রেণির এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছিল।তাঁর পরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, বাসের রেষারেষি বন্ধ করতেই হবে।যার জন্য গত বছর উচ্চপর্যায়ের বৈঠকেও বসেছিলেন পরিবহণ দফতরের কর্তারা।সেখানেই পথ দুর্ঘটনা রুখতে বেপরোয়া বাস চালকদের ওপর নজরদারির জন্য অ্যাপ আনা হবে বলে সিদ্ধান্ত হয়।এখনও অবধি যা খবর, কিছু জায়গায় সেই অ্যাপ প্রসেসিং-এর মধ্যেও রয়েছে।দুর্ঘটনার পর প্রশ্ন ওঠে, বিশেষ মোবাইল অ্যাপ চালু হলে কি বেপরোয়া চালকদের রেষারেষি ঠেকানো সম্ভব হবে? আজকের ঘটনার পর সে প্রশ্ন আরও প্রাসঙ্গিক।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *