দিন দর্পণ, কলকাতাঃ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে গিয়েছে চিকিৎসা।ডায়মন্ড হারবারের সেবাশ্রয় ক্যাম্পে গত ৫ দিনে বিনামূল্যে মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে।এই বিনামূল্যের পরিষেবা পেয়েছেন ৫৮ হাজারের বেশি মানুষ।বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে।এমনকী, প্রয়োজন মাফিক স্পেশাল হাসপাতালেও রেফার করা হয়েছে বহু রোগীকে। সেবাশ্রয়ে আমজনতার আনাগোনা দেখে আপ্লুত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
২তারিখ বছরের শুরুতেই ডায়মন্ডহারবার এসডিও গ্রাউন্ডে ‘সেবাশ্রয়’ প্রকল্পের উদ্বোধন করেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।প্রতিদিন কত রোগী সেবাশ্রয়ে আসছেন, কতজনের চিকিৎসা হচ্ছে, কতজনকে রেফার করা হয়েছে, সেই পরিসংখ্যান নিজের সোশ্যাল মিডিয়ার এক্স হ্যান্ডেলে তুলে ধরছেন অভিষেক নিজেই।গত পাঁচদিনে সেবাশ্রয়ের ৪১টি ক্যাম্পে পরিষেবা পেয়েছেন ৫৮ হাজার ৫৮২ জন।বিনামূল্যে ৩২ হাজার ৬৭ জনের বিভিন্ন ধরনের পরীক্ষা করানো হয়েছে।রোগীর শারীরিক পরিস্থিতি বুঝে ১ হাজার ৩৩২ জন রোগীকে স্পেশাল হাসপাতালে রেফারও করা হয়েছে।ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত মোট ৪১ টি শিবির চলার পর একে একে অন্যান্য ছটি বিধানসভা কেন্দ্র, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, বজবজ, মেটিয়াবুরুজ ও মহেশতলায় গড়ে ৪০-৪৫ টি করে শিবির চলবে।প্রতি বিধানসভা কেন্দ্রে দশদিন করে শিবির চলবে। সকল বিধানসভায় ৭০ দিন ধরে শিবির চলার পর আগামী ১৬-২০ মার্চ পাঁচ দিন প্রতি শিবিরেই একসঙ্গে চলবে মেগা ক্যাম্প।
