দিন দর্পণ,কলকাতাঃ নতুন বছর শুরু হতে আর মাত্র ৩দিন বাকি।ইতিমধ্যেই বর্ষবরণের আনন্দে মেতে উঠেছে দেশবাসী।কিন্তু কলকাতায় শীতের আমেজ প্রায় নেই বললেই চলে।তাও মানুষের মনে পিকনিকের উচ্ছ্বাস সেই একইরকম।কলকাতার অন্যতম পর্যটন কেন্দ্রগুলির মধ্যে প্রথমেই জায়গা করে নিয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল।এই শীত মরসুমে কলকাতার সমস্ত পর্যটন কেন্দ্রেই মানুষের ভিড় চোখে পড়ার মতো।কিন্তু দেশ বিদেশের মানুষের কাছে ভিক্টোরিয়া কখনো পুরনো হওয়ার নয়।কলকাতায় নতুন অনেক দর্শনীয় স্থান থাকা সত্ত্বেও আট থেকে আশি প্রতেক্যের কাছেই ভিক্টোরিয়ার আকর্ষণ আগের মতোই।মানুষের মনে জায়গা করে নিতে কোন খামতি রাখেনি ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষ।প্রতিনিয়ত নতুন নতুন ভাবে সেজে উঠছে এই স্থান।মাত্র ৫০ টাকা টিকিট মূল্যে আপনিও ঘুরে দেখতে পারেন এই স্মৃতিসৌধ।
মূলত, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল তৈরি হয়েছে মহারানি ভিক্টোরিয়ার উদ্দেশ্যে।এটি প্রতিষ্ঠিত হয় ১৯০১ সালে ৪ জানুয়ারি।এবং এই দর্শনীয় স্থাপত্যটি প্রতিষ্ঠা করেন লর্ড কার্জন।দেশের অন্যতম সৌধটিতে রয়েছে মোট ২৫টি গ্যালারি।এরই সঙ্গে রয়েছে বিস্তীর্ণ সবুজে ঘেরা উদ্যান।এবং দুটি জলাশয়। এছাড়াও কুইন্স হলটি আকর্ষণের এক অন্যতম কেন্দ্র বলা চলে।এখানে মহারানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে বহু সামগ্রী সুসজ্জিত রয়েছে।যেমন, তাঁর ব্যবহৃত পিয়ানো, তাঁর লেখা চিঠিপত্র, এমনকি তাঁর নিত্য ব্যবহৃত চেয়ার টেবিলও মজুত রয়েছে।এছাড়াও মূল আকর্ষনের তালিকায় রয়েছে রানী ভিক্টোরিয়ার অভাবনীয় একটি শ্বেত পাথরের মূর্তি।
এই মেমোরিয়ালের দ্বিতীয় তলায় ২০২২ সালে প্রধানমন্ত্রীর উদ্দ্যোগে বিপ্লবী ভারত গ্যালারি হিসেবে শুরু করা হয়।যেখানে ভারতের মহান স্বাধীনতা সংগ্রামীদের প্রতি সম্মানের উদ্দেশ্যে ফুটিয়ে তোলা হয় লাইট অ্যান্ড সাউন্ড শো।উপরের গ্যালারিতে রয়েছে বিপ্লবীদের তৈলচিত্র এবং তাদের কর্মজীবনের ইতিহাস।তারই সঙ্গে আছে বেশ কিছু ঐতিহাসিক ঘটনার চিত্রপট।এছাড়াও রয়েছে স্বাধীনতার সময়কার যুদ্ধে ব্যবহৃত বিশেষ কিছু রাইফেল, বোমা, বন্দুকে ব্যবহৃত বারুদের গুড়ো, লোহার তলোয়ার ও তীর ধনুক ইত্যাদি।বিশেষ আকর্ষনে রয়েছে ডিজিটাল টাচ স্ক্রিন অডিও ভিজুয়্যাল মনিটর। যার মাধ্যমে দর্শনার্থীরা নিজেদের পছন্দ মতো ঐতিহাসিক ঘটনার বিবরণ ও দৃশ্য দেখতে পারবেন। স্মৃতিসৌধের ময়দানে সন্ধ্যা ৬. ১৫ মিনিট থেকে ৭টা এবং ৭.১৫ থেকে ৮টা পর্যন্ত একটি লাইট অ্যান্ড সাউন্ড শো পরিচালিত করা হয়।যেখানে দেখানো হয় প্রাইড অ্যান্ড গ্লোরি দ্য স্টোরি অফ ক্যালকাটা শিরোনামের একটি গৌরবময় যুগের গল্প।মূল স্মৃতিসৌধের গায়ে দেখানো হয় এই শো।যার টিকিট মূল্য বাচ্চাদের জন্য ১০ টাকা এবং বড়োদের জন্য ২০ টাকা।আপনি যদি এখনো অবধি এই অভাবনীয় স্থান দর্শন না করে থাকেন তাহলে দেরি না করে শীঘ্রই এই শীতের আমেজে ঘুরে আসতে পারেন ভারতের ঐতিহ্যবাহী স্থান ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে।
