দিন দর্পণ, নয়াদিল্লিঃ বৃহস্পতিবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।ব্যতিক্রমী কৃতিত্বের জন্য দেশের ১৪ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে সাতটি বিভাগে ১৭ জন বিস্ময়বালককে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান করা হয়।দেশের বিভিন্ন প্রান্তের ও বিভিন্ন ক্ষেত্রে বিরল সাহসিকতা, শিল্প-সংস্কৃতি, সৃজনশীলতা, বিজ্ঞান-প্রযুক্তি, সমাজসেবামূলক, ক্রীড়া, পরিবেশ সংক্রান্ত নজির সৃষ্টিকারী নাবালক-নাবালিকাদের এই বিশেষ সম্মান দেওয়া হয় এই পুরষ্কারের মাধ্যমে।২০২৪ সালে এই সম্মান পেল ৭ জন নাবালক ও ১০ জন নাবালিকা।১৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে তাদের নির্বাচিত করা হয়েছে।একটি পদক, মানপত্র এবং শংসাপত্র দেওয়া হয়েছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ভারত মণ্ডপে বীর বাল দিবসে অংশগ্রহণ করবেন এবং এই উপলক্ষে সমাবেশে ভাষণ দেবেন।প্রধানমন্ত্রী আজ সুপোষিত গ্রাম পঞ্চায়েত অভিযান চালু করবেন।লক্ষ্য পুষ্টি-সম্পর্কিত পরিষেবার বাস্তবায়ন জোরদার করার মাধ্যমে শিশুদের পুষ্টির ফলাফল এবং সুস্থতার মানকে আরো উন্নত করা।
এই ১৭ জন পুরষ্কার প্রাপ্ত শিশুদের মধ্যে রয়েছে ৩ বছরের বঙ্গ দাবাড়ু অনীশ সরকার।ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন (FIDE) কলকাতার এই বিস্ময়বালককে বিশ্বের সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে তালিকায় স্থান দিয়েছে।১৭ জনের মধ্যে সর্বকনিষ্ঠটি ছিল অনীশ সরকার।
১৪ বছরের কেয়া হাটকরকে শিল্প-সংস্কৃতি তে তার অনবদ্য অবদানের জন্য সম্মানিত করেন রাষ্ট্রপতি মুর্মু।স্পাইনাল মাসকুলার এট্রোফি অসুখে আক্রান্ত কেয়া সর্বাধিক বিক্রিত সাহিত্যের রূপকার।এছাড়াও ‘IM POSSIBLE’ and ‘SMA-ART’ নামে দুটি উদ্যোগ নিয়েছে শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে সচেতনতা গড়ে তুলতে।কাশ্মীরের বাসিন্দা ১২ বছরে আয়ান সাজাদ হল একজন সুফি গায়ক।কাশ্মীরি সুর ও বাজনায় অসামান্য অবদানের স্বীকৃতি পেল বৃহস্পতিবার।‘বেদর দদ ছানে’ নামে তার গান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যাপক খ্যাতি পেয়েছে।ব্যাস ওম জিগনেসের বয়স ১৭ বছর।সে সেরিব্রাল পালসিতে আক্রান্ত।সংস্কৃত সাহিত্যে তার নিষ্ঠা ও চেষ্টার কারণে সে সম্মানিত হল এদিন।সে ৫০০০ শ্লোক একসঙ্গে বলতে পারে।সারা ভারতে এ পর্যন্ত সে ৫০০টি পাঠসভা করেছে।মাত্র ৯ বছর বয়সি সৌরভ কুমার সাহসিকতার ক্ষেত্রে সম্মানিত হয়েছে।ডুবে যাওয়ার হাত থেকে সে তিনটি মেয়েকে বাঁচিয়েছিল।১৭ বছরের ইয়োন্না থাপা আগুনের হাত থেকে একটি ফ্ল্যাটের ৩৬ জনকে রক্ষা করায় সম্মানিত হয়েছে।দ্রুত বুদ্ধিমত্তা ও সাহসিকতায় তৎপরতা দেখিয়ে তাদের প্রাণরক্ষা করেছিল।পারকিনসন আক্রান্ত রোগীদের জন্য সেল্ফ স্টেবিলাইজিং ডিভাইজ তৈরি করে সৃজনশীলতার জন্য পুরস্কার পেয়েছে সিন্ধুরা রাজা।একইভাবে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে ১৭ বছরের ঋষিক কুমার কাশ্মীরের প্রথম সাইবার সিকিউরিটি ফার্ম তৈরি করেছে, যার কোম্পানির নাম হ্যাক ফ্রি ভারত।ক্রীড়াক্ষেত্রে নকশাল অধ্যুষিত এলাকার জুডো খেলোয়াড় হেমবতী নাগ খেলো ইন্ডিয়া জাতীয় ক্রীড়ায় রুপো জিতেছিল।৯ বছরের সাঁওভি সুদ মাউন্ট কিলিমাঞ্জারো সহ একাধিক শৃঙ্গ জয় করে সকলের তারিফ কুড়িয়েছে। তাদেরও এদিন পুরস্কৃত করেন দ্রৌপদী মুর্মু।
