দিন দর্পণ, হাওড়াঃ গুজরাট, উত্তর প্রদেশের পর এবার পশ্চিমবঙ্গের হাওড়ায় বসতে রান্নার গ্যাসের পাইপ লাইন।ইতিপূর্বে, গ্রামের দিকে অনেক এলাকায় জলের পাইপ লাইন বসেছে।এরপর বসতে চলেছে গ্যাসের পাইপ লাইন।এই পাইপ লাইন দিয়ে বাংলার মানুষের রান্নাঘরে পৌঁছে যাবে সস্তার প্রাকৃতিক রান্নার গ্যাস Piped Natural Gas (PNG)।২০২৬ সালের মধ্যেই বাংলার মানুষের বাড়িতে, হোটেল, রেস্তরায় এই পাইপের মাধ্যমে রান্নার গ্যাস পৌঁছে যাবে।করণ পলিমার হাওড়ার জগৎবল্লভপুরে গড়বে এই পাইপ কারখানা।সংস্থা সূত্রে খবর, এই পলিথেলিন পাইপ কারখানা গড়ার জন্য ১০০ কোটি টাকা লগ্নি করবে করণ পলিমার।এই কারখানায় সরাসরি কাজের সুযোগ পাবেন ১০০ জন।পরোক্ষ কর্মসংস্থান হবে এক হাজারেরও বেশি।
এই পাইপ লাইনে রান্নার গ্যাসের প্রক্রিয়া শুরু হলে মধ্যবিত্তের কিছুটা অস্বস্তি কমবে বলে মনে করা হচ্ছে।কারণ এখন রান্নার গ্যাসের সিলেন্ডারের দাম ৮৩০ টাকা।সেটাই পাইপের মাধ্যমে হেঁসেলে আসবে দামও কমবে।আবার নিরাপদও।এই বিষয়ে করণ পলিমার সংস্থার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর শ্যামলাল আগরওয়াল জানান, পণ্যের মান অনুমোদন করার জন্য ইতিমধ্যেই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের কাছে নমুনা পাঠিয়েছেন তাঁরা।কয়েক মাসের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত মিলবে।এই সিদ্ধান্তের পরেই করখানা তৈরির কাজ শুরু হবে।২০২৫ সালের শেষ দিকে উৎপাদন শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, এই করণ পলিমার এর আগে জলের পাইপ তৈরি করে খ্যাতি অর্জন করেছে।তাই এবার গ্যাসের পাইপ তৈরি করে তাক লাগিয়ে দিতে চায়।শ্যামলাল আগরওয়াল জানান, হাওড়ার রানিহাটি,আমতা রুটে থাকা জমিতেই প্রাকৃতিক গ্যাস সরবরাহের পাইপ তৈরির প্রস্তাবিত কারখানা হবে।শ্যামলাল আগরওয়াল বলেন, আইওসি এবং গেইল প্রাকৃতিক রান্নার গ্যাস সরবরাহের যে পরিকল্পনা করেছে, আমরা তার সঙ্গে যুক্ত হয়েছি।নতুন প্রকল্পে গ্যাস পাইপ তৈরি এবং একটি গবেষণা ও উন্নয়নের কেন্দ্রও গড়ে তোলা হবে।
