দিন দর্পণ, শ্রীনগরঃ ২০২৫ এই চালু হয়ে যাবে জম্মু কাশ্মীর রেলপথ।জানুয়ারি মাসেই এই রেলপথের উদ্বোধন করে দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।কয়েকদিন আগে জম্মু ও কাশ্মীরের অঞ্জি খাদ রেল ব্রিজে সফল ট্রায়াল রান হয়েছে।এটাই দেশের প্রথম কেবল রেল ব্রিজ।সেই লাইন দিয়ে ছুটেছে একটি ইলেকট্রিক ইঞ্জিন।
আগামী ৫ জানুয়ারি উধমপুর থেকে শ্রীনগর হয়ে বারামুল্লা লাইনে কাটরা-রিয়াসি সেকশন চূড়ান্তভাবে খতিয়ে দেখা হবে।তারপরই বাকি দেশের সঙ্গে এই লাইনকে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।সম্প্রতি যে ট্রায়াল রান হয়েছে তার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।যা দেখে খুবই আনন্দিত দেশের সাধারণ মানুষ।
কাশ্মীরের আবহাওয়ার কথা মাথায় রেখে এই রেলপথে কী ট্রেন চলবে সেটি ঠিক করছে রেল।৫টি এসি স্লিপার এবং একটি বন্দে ভারত ট্রেনের রূপ পরিবর্তন করছে রেল।অপরদিকে নিরাপত্তার কথা মাথায় রেখে ট্রেন স্টেশনগুলিকে বিমানবন্দরের মতো সাজিয়ে তোলা হবে।এই অঞ্জি খাদ সেতু কেবল মাত্র একটি মাত্র স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় এই সেতুটি রয়েছে।এর উপর দিয়ে ১০০ কিলোমিটার গতিবেগে ছুটতে পারবে ট্রেন।উধমপুর থেকে শ্রীনগর পর্যন্ত রেললাইন প্রকল্পের অধীনে এই রেল সেতু নির্মাণ করা হয়েছে।এই রেল প্রকল্পটি নিয়ন্ত্রণ রেখা পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে রেলের।জানা গিয়েছে, অঞ্জি খাদ সেতুটি ১৫ মিটার চওড়া।মূল বিস্তৃতি ২৯০ মিটার।এই সেতুর মোট দৈর্ঘ্য ৪৭৩.২৫ মিটার।ভিত থেকে তার উচ্চতা ১৯৩ মিটার।নদীগর্ভে আরও ৩৩১ মিটার গভীর পর্যন্ত বিস্তৃত স্তম্ভটি।এই স্তম্ভের সঙ্গে ৯৬টি কেবলের সাহায্যে সেতুটিকে শূন্যে রীতিমতো ভাসিয়ে রাখা হয়েছে।
