দিন দর্পণ, কলকাতাঃ গত রবিবার ১০০ তম বর্ষে পা দিল কলকাতার নেতাজি সুভাষ বোস আর্ন্তজাতিক বিমানবন্দর।সেই উপলক্ষে ‘উড়ান যাত্রী ক্যাফে’-এর উদ্বোধন করছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নায়ডু।বুধবার থেকে এই ক্যাফে সর্বসাধারণের জন্য খোলা হয়।রবিবারের অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান বিপিন কুমার-সহ অন্যান্যরা।কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, যাত্রীদের সফরের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে কলকাতা বিমানবন্দরে এই ক্যাফের উদ্বোধন করা হয়।
এখানে স্বল্প মূল্যে খাবার পাওয়া যাবে।সাধারণত বিমানবন্দরে খাবারের দাম হয় আকাশ ছোঁয়া।তবে এই ‘উড়ান যাত্রী ক্যাফে’কিছুটা হলেও স্বস্তি দেবে বিমান যাত্রীদের।এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এবং কেন্দ্রীয় বিমান উড়ান মন্ত্রকের তরফে অনেক কম খরচে মুখরোচক সমস্ত খাবার পাওয়া যাবে এই ক্যাফেতে।কলকাতার এই ক্যাফের সাফল্য দেখে দেশের আরও ১২৫টি বিমানবন্দরে খোলা হবে এই এই ক্যাফে।বিমান বন্দরের উচ্চদাম প্রসঙ্গে সংসদে রাঘব চাড্ডা বলেছিলেন, এমনিতেই বিমানের ভাড়া আকাশছোঁয়া, এরপর সেখানে জলের বোতলের দাম ১০০ টাকা, চায়ের দাম ২০০ থেকে ২৫০ টাকা।সরকার কি বিমানবন্দরে সাশ্রয়ী মূল্যের ক্যান্টিন স্থাপন করতে পারে না?এর পাশাপাশি বিমানবন্দরগুলির দুর্বল ব্যবস্থাপনারও সমালোচনা করেছিলেন তিনি।
