দিন দর্পণ, নয়াদিল্লিঃ সাতসকালে ঘটে গেল হাড় হিম করা এক ঘটনা।দিল্লির এক ব্যবসায়ী খুন।সকালে প্রাত ভ্রমণে বেড়িয়ে আর বাড়ি ফেরা হল না।ঘটনাটি ঘটেছে শনিবার সকালে দিল্লির শাহদরা জেলার ফরস বাজার এলাকায়।মৃত ব্যক্তি পেশায় একজন ব্যবসায়ী।তাঁর নাম সুনীল জৈন।বয়স ৫২ বছর।বাসনপত্রের ব্যবসা ছিল তাঁর।যমুনা স্পোর্টস কমপ্লেক্সের রাস্তা দিয়ে শনিবার সকালে যাচ্ছিলেন সুনীল। নিয়মিত প্রাতর্ভ্রমণে বেরোতেন তিনি।হঠাৎই বাইকে করে দু জন পিছন দিক থেকে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়।পর পর সাত থেকে আট রাউন্ড গুলি চালানো হয়েছে।পুলিশ জানিয়েছে, তিন থেকে চারটি গুলি ব্যবসায়ীর শরীরে লাগে।হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।প্রকাশ্য রাস্তায় শুটআউটের ঘটনায় রাজধানীতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।তবে কেন ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানো হল তা বুঝতে পারছেন না পরিবারের সদস্যরাও।রাস্তার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।দুষ্কৃতীদের তার মাধ্যমেই চিহ্নিত করতে চাইছে পুলিশ।
মৃতের পরিবারের সঙ্গে কথা বলেছেন তদন্তকারীরা।কারও সঙ্গে প্রৌঢ়ের শত্রুতার কথা তাঁরা মনে করতে পারছেন না।গত কয়েক দিনে তিনি কোনও হুমকিও পাননি।ফলে খুনের কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।সকাল সকাল রাজধানীতে এই ধরনের ঘটনায় সেখানকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।দিল্লির আপ সরকার এক হাত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশকে।আপ নেতা সৌরভ ভরদ্বাজ বলেছেন, দিল্লিকে অপরাধের রাজধানী বানিয়ে দেওয়া হয়েছে।কেন্দ্রকে কটাক্ষ করেছেন আপ প্রধান অরবিন্দ কেজরীওয়ালও।
