দিন দর্পণ, মুম্বাইঃ দীর্ঘ ১১ দিনের জট কাটল আজ।অবশেষে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে বসছেন দেবেন্দ্র ফোড়ণবিস।বুধবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।গত কয়েকদিন ধরে যা নিয়ে আলোচনা ও জল্পনা তৈরি হয়েছিল, তাতে সিলমোহর দিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে ফিরছেন দেবেন্দ্র ফোড়নবিস।মুম্বইয়ে বিজেপির কোর কমিটির বৈঠকের পর এই নামে সিলমোহর দেওয়া হয়েছে।বৈঠকে বিজেপি বিধায়ক দলের নেতা হিসেবে নির্বাচিত হন তিনি।জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবার আজাদ ময়দানে তৃতীয় দফায় মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তিনি।তাঁর সঙ্গে সেখানে শপথ নিতে পারেন শিন্ডে এবং অজিতও।মহারাষ্ট্রের বিজেপি সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে জানিয়েছেন, দেবেন্দ্রর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নয়া ফর্মুলা অনুযায়ী, বিজেপির হাতে থাকবে ২২টি মন্ত্রক।১২টি মন্ত্রক এবং বিধান পরিষদের চেয়ারম্যান পদ পাবে শিণ্ডে সেনা।অজিত পওয়ার শিবির অবশ্য তুলনায় ভাল ডিল পেয়েছে।বিধানসভার ডেপুটি চেয়ারম্যান, সহ ৯-১০টি মন্ত্রক পাবেন অজিত।তিনি নিজে উপমুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী হবেন।যদিও সবটাই জল্পনার স্তরে।চূড়ান্ত ঘোষণা না হওয়ার পর্যন্ত বিশ্বাস করা যায় না।২৩ নভেম্বর মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে।২৮৮টি আসনের মধ্যে ২৩০টি আসনে জয়ী হয়েছে বিজেপি, শিবসেনা(শিন্ডে গোষ্ঠী)এবং এনসিপি(অজিত গোষ্ঠী)জোট মহাজুটি।বিজেপি একাই পেয়েছে ১৩২টি আসন।বিজেপি-র এই সাফল্যের অন্যতম কারিগর ছিলেন দেবেন্দ্র।সেই কারণে মুখ্যমন্ত্রী পদে তাঁকে রাখতে প্রথম থেকেই জোর দিয়ে আসছিল বিজেপি।তবে শরিকদের সঙ্গে একমতে পৌঁছতেই ১১দিন সময় লেগে গেল।
