দিন দর্পণ, কলকাতাঃ উরস উৎসবের জন্য বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু।পয়লা ডিসেম্বর সন্ধ্যা থেকে ২ তারিখ সকাল পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু।এর ফলে রবিবার সন্ধ্যা ৭টা থেকে সোমবার সকাল ৬ টা পর্যন্ত অন্য পথে যান চলাচল করবে।সঙ্গে খিদিরপুর রোড-সহ একাধিক রাস্তাতেও যান চলাচল অনেকটা নিয়ন্ত্রিত রাখা হবে।কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে বিজ্ঞপ্তি দিয়ে এইবার জানানো হয়েছে।বিদ্যাসাগর সেতু ছাড়াও বেশ কিছু রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হবে বলে জানা গিয়েছে।
কলকাতা পুলিশ কমিশনারের তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেন্ট জর্জ গেট রোড ধরে দক্ষিণের দিকে যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ রাখা হবে।খিদিরপুর রোড ধরে হেস্টিংস ক্রসিংয়ের দিকে যাওয়ার রাস্তাও বন্ধ থাকবে।খিদিরপুর রোড ধরে পশ্চিমগামী গাড়িগুলোকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে যেতে দেওয়া হবে না।সিজিআর রোড বরাবর পূর্বগামী গাড়িগুলোকে সত্য ডাক্তার রোড ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়া হবে।যানচলাচল বন্ধ থাকলেও উরস উৎসবে অংশ নেওয়ার জন্য আসা মানুষজন পায়ে হেঁটে ওই রাস্তাগুলো ব্যবহার করতে পারবেন।গুরুত্বপূর্ণ রাস্তাগুলো বন্ধ থাকায় ট্রাফিকের উপর অন্য দিনের তুলনায় অনেকটা বেশী চাপ পড়বে বলে মনে করা হচ্ছে।তবে পুলিশ সূত্রে খবর,যানচলাচল নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত সংখ্যায় ট্রাফিক পুলিশ মোতায়েন করা হচ্ছে।
