ওপেন টয়লেট বন্ধের উদ্যোগ কলকাতা পুরসভার


দিন দর্পণ, কলকাতাঃ  শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে,ছিটিয়ে থাকা হাজারখানেক ওপেন টয়লেট বন্ধ করে দেবে কলকাতা পুরসভার পরিবেশ ও বস্তি বিভাগ।এর বিকল্প হিসেবে আরও বেশি করে সুলভ শৌচালয় বানাতে চলেছে পুরসভা।ওপেন টয়লেট নিয়ে দুর্গন্ধ ছড়ানো, পরিবেশ দূষণ, অসামাজিক কার্যকলাপের অভিযোগ প্রায়ই ওঠে।সম্প্রতি পুরসভার মাসিক অধিবেশনে ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার মীনাক্ষি গঙ্গোপাধ্যায় শহরের সব ওপেন টয়লেট গুলোতে আলো ও পর্যাপ্ত জলের দাবি জানান।রাতের অন্ধকারে ওপেন টয়লেটগুলোকে ঘিরে প্রায়ই অসামাজিক কার্যকলাপের অভিযোগ শোনা যায়।তাই আলোর ব্যবস্থা হলে এই সমস্যা অনেকটা কমবে।এ ছাড়া পর্যাপ্ত জলের ব্যবস্থা না থাকায় ওপেন টয়লেট থেকে দুর্গন্ধ ও দূষণ ছড়ায়।জলের ব্যবস্থা করা গেলে এই দুই সমস্যা কমার সম্ভাবনা রয়েছে।

জানা গিয়েছে, কলকাতা জুড়ে এই মুহূর্তে কত ওপেন টয়লেট রয়েছে তার নির্দিষ্ট তথ্য পুরসভার কাছে নেই।তাই পুরসভার উত্তরণ বিভাগের তরফ থেকে কার ওয়ার্ডে কোথায়, কতগুলো ওপেন টয়লেটরয়েছে সেই তথ্য চেয়ে পাঠানো হয়েছে।এই প্রসঙ্গে কলকাতা পুরসভার উত্তরণ বিভাগের মেয়র পারিষদ স্বপন সমাদ্দার বলেন, কলকাতায় এক হাজার ওপেন টয়লেট বন্ধ করে দেওয়া হবে।সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।কাজও শুরু হয়েছে।

তবে পুর বোর্ডের ওপেন টয়লেট মুক্ত কলকাতা গড়ার পথে কিছু সমস্যাও রয়েছে।তা হলো, কলকাতা পুরসভার ময়দান চত্বর রয়েছে সেনাবাহিনীর আওতায়।তাই রেড রোড সংলগ্ন এলাকায় কোনও স্থায়ী কাঠামো গড়ে তোলা যায় না।ওই এলাকায় কোনও স্থায়ী কাঠামো তুলতে গেলে সেনা কর্তাদের নো অবজেকশন সার্টিফিকেট-র প্রয়োজন হয়।ফলে মেয়ো রোড, রেড রোডের আশপাশে অনেক জায়গায় ওপেন টয়লেট রয়ে গিয়েছে।পুরসভার উত্তরণ বিভাগের এক আধিকারিক বলেন, এই সমস্যা নিয়ে পুরসভার তরফে সেনা কর্তাদের সঙ্গে কথা বলা হবে।সমাধানের উপায়ও খোঁজা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *