সুপর্ণা দে, ২৪.০২.২৪ সময়ঃ ০২.০০
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ শনিবার সকালে ফোম গুদামে বিধ্বংসী আগুন লেগে চাঞ্চল্য ছড়ালো আসানসোলের জামুরিয়ার যাদুডাঙা এলাকায়৷ দমকলের ২টি ইঞ্জিন ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে৷ স্থানীয়রা জানিয়েছেন, কারখানায় তৈরি সমস্ত ফোমের গদি ঐ গুদামে মজুত থাকত৷ এদিন সকালে স্থানীয়দের নজরে প্রথমে দুর্ঘটনাটি চোখে পড়ে৷ তাঁরাই দমকলে খবর দেন৷ ফোমের মতো দাহ্য বস্তু মজুত থাকায় নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গুদামের বিস্তীর্ণ অংশে৷ গ্রাস করে নেন মজুত থাকা সমস্ত ফোমের গদি৷ প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান, শর্ট-সার্কিট থেকেই আগুন লেগেছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা হতে পারে বলে মনে করছেন দমকলকর্মীরা। তবে এই আগুন লাগার ঘটনায় কোনও হতাহত হয়নি। গুদামে অগ্নিনির্বাপণ ব্যবস্থা পর্যাপ্ত ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে৷ আগুন লাগার কারণ খতিয়ে দেখেতে তদন্ত শুরু হয়েছে৷
প্রসঙ্গত, জামুরিয়ায় কোনো দমকল স্টেশন নেই। এলাকায় অগ্নিকাণ্ড হলে রানিগঞ্জ ও আসানসোল থেকে দমকলের ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। এই দু‘টি এলাকার দূরত্ব বেশি থাকায় কারণে দমকল আসতেও সময় নেয়৷ শনিবার সকালে ঠিক এই কারণেই আগুন বিধ্বংসী রূপ নেয়৷ এদিনও গুদামে দেরিতে পৌঁছয় আগুন৷ ফলে ক্ষয়ক্ষতিও হয় ব্যপক৷ এই ঘটনার পর জামুরিয়া একটি দমকল কেন্দ্র তৈরি করার দাবি তুলেছেন এলাকাবাসী।
