আশিক এলাহী, ২৩.০২.২৪ সময়ঃ ০৩.২০
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ দেড় মাস হয়ে গেলো। এখনও অধরা শেখ শাহাজাহান। বিভিন্ন ইস্যুতে বারবার উত্তপ্ত হয়ে উঠছে সন্দেশখালি। শুক্রবার সকালেও ফের উত্তপ্ত হয়ে উঠল বেড়মজুর। শুক্রবার সকালে হঠাত্-ই তৃণমূল নেতা অজিত মাইতি ও তোয়াব মোল্লার ভেড়ির আলাঘরে আগুন জ্বলতে থাকে। এরপর বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা।
এনিয়ে এলাকাবাসীর দাবি শেখ শাহজাহানের ভাই সিরাজ শেখ তার লোকজন নিজেরাই হালা ঘরে আগুন দিয়ে দোষ চাপাচ্ছে আমাদের ঘাড়ে আমরা এর প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছি। পাশাপাশি জানাতে চাই আমাদের কয়েকশো বিঘা সম্পত্তি দখল করে খাচ্ছে দীর্ঘদিন ধরে আমাদের সম্পত্তি ফেরত দিচ্ছে না পাশাপাশি লিজের টাকাও দিচ্ছে না সরকারি কোন সাহায্য আমরা পাই না যার কারণে আমরা আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছি।
ঘটনাস্থলে পুলিশ এসে গ্রামবাসীদের বোঝালেও তারা বিক্ষোভ দেখাতে থাকে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় এদিন ফের ১৪৪ ধারা জারি করা হয়।
এরপর পরিস্থিতি চরমে উঠলে প্রশাসনের তরফে কড়া হুঁশিয়ারি দিয়ে জানানো হয়, যদি কেউ আইন নিজের হাতে তুলে নেয় তাহলে পুলিশ কড়া ব্যবস্থা নেবে তার বিরুদ্ধে। যদি কারো জমি গিয়ে থাকে, তাহলে তার জমিও পাইয়ে দেওয়ার দায়িত্ব প্রশাসনের।
এদিন সন্দেশখালি যাওয়ার পথে বাধা পেলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। ভোজেরহাটেই আটকানো হল লকেটকে। এরপর বিজেপি নেত্রী প্রশ্ন তোলেন, সন্দেশখালিতে যখন ১৪৪ ধারা জারি আছে, তখন ভোজেরহাটে কেন আটকানো হল তাঁকে? পুলিশের সঙ্গে প্রবল বচসা শুরু হয় এদিন।
অশান্তির আগুন যেন কোনো মতে নিভছেই না সন্দেশখালিতে। যে সন্দেশখালি এতদিন মানুষের অগোচরে ছিলো, আজ সেই সন্দেশখালি চলে এসেছে খবরের শিরোনামে। কবে শান্ত হবে সন্দেশখালি, সেদিকেই তাকিয়ে গ্রামবাসীরা।
