অভিজিত্ শীল, ২২.০২.২৪ সময়ঃ ০১.৫৪
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ
বন দফতরের সহযোগীতায় বাংলাদেশ থেকে ভারতে ফিরল দুটি হাতি। এরপর লোকালয়ে দাপিয়ে বেড়াচ্ছে তারা। হাতি দু’টোকে ফাঁসিদেওয়া ব্লক দিয়ে ভারতে প্রবেশ করানো হয়েছে। ভারতে ফিরেই গুমানিবস্তি, নেকনাগছ ও কুচিয়াগছের চা-বাগানের ঢুকে পরে তারা। তাদের দেখতে ভীড় জমায় এলাকাবাসী। এলাকায় বনকর্মী মোতায়েন করা হয়েছে৷ চলছে মাইকিং। সাধারণ মানুষকে নিরাপদ দুরত্ব বজায় রাখতে বলা হয়েছে হাতি দু’টির থেকে।
বর্তমানে হাতি দুটোকে নকশালবাড়ির টুকুরিয়াঝার জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টা করা হচ্ছে।
উল্লেখ্য, মঙ্গলবার রাজগঞ্জ ব্লকের সন্নাসীকাটা দিয়ে ভারত-বাংলাদেশ সীমান্তর কাটাতার পেরিয়ে ওপার বাংলায় ঢুকে গিয়েছিল দু‘টি হাতি। গজরাজের এই কীর্তিতে ঘুম উবে যায় বন বিভাগের। তড়িঘড়ি শুরু হয় হাতি দুটোকে এপার বাংলায় ফেরানোর কাজ। যোগাযোগ করা হয় বাংলাদেশ বন বিভাগের সঙ্গে। বুধবার দেশে ফেরে দুই কীর্তিমান গজরাজ৷
এর আগে ২০০৮ সালেও গরুমারা জাতীয় উদ্যান থেকে একটি হাতি বাংলাদেশে ঢুকে পড়েছিল। মেখলিগঞ্জ দিয়ে সেটি বাংলাদেশের নিলফামারিতে ঢুকে যায়। বাংলাদেশে ব্যাপক ক্ষতি করে সে। এরপর বাংলাদেশের পুলিশ গুলি করে হাতিটিকে মেরে ফেলে। ২০১০ সালেও বৈকুন্ঠপুর জঙ্গলে দুটো হাতি ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়া টপকে বাংলাদেশে ঢোকার চেষ্টা করে।
এরপর এত বছর পর ২০২৪ সালে ফের সীমান্ত পেড়িয়ে বাংলাদেশে ঢুকল ২টি হাতি।
