CIVIK BODY RECOVERY- সিভিকের ঝুলন্ত দেহ উদ্ধার নিউটাউনে


সুপর্ণা দে, ২২.০২.২৪ সময়ঃ ০৪.৫২

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ বাড়ি থেকে সিভিক ভলেন্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য নিউটাউনের হাতিয়ারায়। ইকোপার্ক থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম কৌশিক দেবনাথ (২৯)৷ তাঁর পরিবারের অভিযোগ, শশুরবাড়ির পরিবার গালিগালাজ করত কৌশিককে৷ এর থেকেই মানসিক অবসাদে আত্মহত্যা করেছেন যুবক। যদিও গোটা ঘটনার তদন্তে নেমেছে ইকোপার্ক থানার পুলিশ।  লেকটাউন ট্রাফিকে কর্মরত সিভিক ভলেন্টিয়ার কৌশিক দেবনাথ৷ গত এক বছর আগে নিউটাউন হাতিয়ারা হেলাবটতলা এলাকার মেয়েকে বিয়ে করেন তিনি। পরিবারের দাবি, বিয়ের পর থেকেই বিভিন্ন ধরনের দাবি-দাওয়া করতে থাকেন তাঁর স্ত্রী। যেমন কৌশিক দেবনাথকে দীর্ঘদিন ধরে চাপ দিচ্ছিল যাতে তাঁর বাবা-মাকে ছেড়ে স্ত্রীর সঙ্গে অন্য কোথাও গিয়ে থাকেন তিনি। এই দাবি মেনে নেননি কৌশিক বলেই পরিবারের তরফে দাবি। এরপরই কৌশিকের স্ত্রী নিজের বাবা-মায়ের বাড়িতে চলে যান। তবে এরপরেও নিয়মিত ফোন করে কৌশিককে মানসিকভাবে চাপ সৃষ্টি করতেন স্ত্রী বলে অভিযোগ৷ পাশাপাশি কৌশিকের মা-বাবাকেও ফোন করে গালিগালাজ দিয়েছেন বলে অভিযোগ। আর এই মানসিক অবসাদে বুধবার রাতে গলায় ফাঁস লাগিয়ে হাতিয়ারায় নিজের বাড়িতে আত্মঘাতী হয়েছেন কৌশিক বলে দাবি পরিবারের। যদিও মৃত্যুর পিছনে সঠিক কী কারণ রয়েছে, তার তদন্ত করছে ইকোপার্ক থানার পুলিশ। ইতিমধ্যে ইকোপার্ক থানার পুলিশ বাড়ি থেকে বাজেয়াপ্ত করেছে কৌশিকের ফোন৷ ঘেটে দেখা হচ্ছে ফোনের থেকে কল রেকর্ডস৷ এছাড়া কৌশিক ও তাঁর স্ত্রীর সঙ্গে সোশাল মিডিয়ার চ্যাট খতিয়ে দেখছে পুলিশ৷ পুলিশ কৌশিকের শ্বশুরবাড়ির লোকজনকে থানায় ডেকে পাঠিয়েছে বলে খবর৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *