FARMERS PROTEST- উত্তাল সিঙ্ঘু সীমান্ত


বাবন ধুঁয়া, ২১.০২.২৪ সময়ঃ ০৪.২২

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ ফের কৃষক আন্দোলনে উত্তাল সিঙ্ঘু সীমান্ত। বুধবার সকালে প্রায় ১৪ হাজার কৃষক শম্ভু সীমানা পার হতে গেলেই পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। কৃষিতে এমএসপি নিয়ে প্রথম থেকেই অসন্তোষ প্রকাশ করেছে প্রতিবাদী কৃষকরা। ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল এই কৃষক আন্দোলন। এরপর হরিয়ানা সীমান্তের কাছে কৃষকদের আটকে দেয় পুলিশ। সেখানেই পুলিশের সঙ্গে কৃষকদের সংঘর্ষ বাঁধে।

এদিকে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অর্জুন মুণ্ডা ফের একবার কৃষকদের আলোচনার টেবিলে বসার ডাক দিয়েছেন। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, চারবার বৈঠক হয়েছে। পঞ্চমবার বৈঠকের জন্য তৈরি সরকার। এমএসপি নিয়ে কৃষকদের দাবি আলোচনার মাধ্যমেই মেটানো সম্ভব। শান্তি বজায় রাখতে এই আলোচনা অত্যন্ত দরকারি।

বুধবার প্রতিবাদী কৃষকদের রুখতে ফের একবার টিয়ার গ্যাস ব্যবহার করে পুলিশ। এই বিক্ষোভের ফলে পাঞ্জাব-হরিয়ানা সীমান্তে যে যানজট তৈরি হয়েছে তা সামলাতে রীতিমতো হিমসিম খাচ্ছেন প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা।মঙ্গলবারই কৃষক নেতা সরওয়ান সিং পান্ধের জানান, “কোনও মতেই সরকার আমাদের দিল্লিতেপৌঁছতে দিতে চায় না। কিন্তু আলোচনার মাধ্যমে যদি সমাধান না হয় তাহলে আমরা দিল্লি যাবই।

দিল্লি পুলিশও নিজের মতো করে প্রস্তুতি নিচ্ছে। রাজধানীর রাজপথে যানজট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই দিল্লি পুলিশের তরফে কয়েকটি রাস্তা এড়িয়ে চলার জন্য সাধারণ মানুষকে পরামর্শ দেওয়া হয়েছে। এরফলে সমস্য়ায় পড়েছেন সাধারণ মানুষ.

কৃষক আন্দোলনের জেরে আগেই বন্ধ হয়েছিল পঞ্জাব-হরিয়ানার শম্ভু সীমানা। কেন্দ্রের সঙ্গে আলোচনা চলাকালীন সেখানেই ট্রাক্টর নিয়ে অপেক্ষা করছিল কৃষকরা। তবে পাঁচবার বৈঠকের পরও রফাসূত্র মেলেনি। কেন্দ্রের প্রস্তাব খারিজ করে আন্দোলনেই অনড় কৃষকরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *