সুপর্ণা দে, ১৯.০২.২৪ সময়ঃ ০২.০১
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ যতই দিন যাচ্ছে, ততই যেন সন্দেশখালি নিয়ে উত্তেজনার পারদ চড়ছে রাজ্যে। আজ রাজ্যে এলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। বিমানবন্দরে নেমেই তিনি রাজ্যের প্রশাসনিক প্রধানের নামে সুর চড়িয়ে বলেন, সত্যি ঘটনা সামনে আসবেই। এর পাশাপাশি তিনি আরও বলেন, “দু’দিনের জন্য রাজ্যে এসেছি৷ যেকোন নির্যাতিতা মহিলা এসে আমার সঙ্গে কথা বলতে পারেন। আমার সঙ্গে আরও তিনজন মহিলা থাকছেন। আমরা সন্দেশখালি গিয়ে সকলের কথা শুনব৷ তারপর রিপোর্ট তৈরি করে রাজ্যপালের সঙ্গে দেখা করব এবং দিল্লি ফিরে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করব।” এরপর তৃণমূল সরকারকে নিশানা করে তিনি বলেন, “আমরা যাওয়ার পরে জানতে পারবো একজন নাকি একাধিক মহিলা আক্রান্ত হয়েছেন। যদি একজনও হয়, তাহলেই বা কে? যে সমস্ত আওয়াজ বাইরে আসছে পুলিশ সেগুলো বন্ধ করে দিচ্ছে। মমতাজি তাঁর অফিসারদেরকে সেন্ট্রাল এজেন্সির সঙ্গে দেখা করতে দেয় না, যাতে সত্যি ঘটনা বাইরে বেরিয়ে না আসে। আমাদের যে টিম গিয়েছিল সন্দেশখালি তাদের কাছ থেকে আমি এসব শুনেছি৷ যারা নির্যাতিত তাদের পরিবারেরই দশজনকে গ্রেফতার করেছে পুলিশ। ওখানকার মহিলারা পুলিশের সঙ্গে কথা বলতে চাইছে না৷ তাই আমি আজ তিনজন মহিলাকে সঙ্গে নিয়ে সেখানে যাচ্ছি৷
