সুপর্ণা দে, ১৯.০২.২৪ সময়ঃ ০২.০৬
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ জ্বলছে সন্দেশখালি৷ কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা৷ সেই মামলার শুনানি জরুরি ভিত্তিতে হোক, এমনই আবেদন করেছিলেন মামলাকারীর আইনজীবী৷ কিন্তু সোমবার তা খারিজ করে দিল আদালত৷ এই মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়৷ তাতে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, “মামলাকারী কে ? কোনও সমাজকর্মী ? কোনও বিশেষ ব্যক্তি ? আপনি নিজে সন্দেশখালি গিয়েছিলেন ?” উত্তরে আইনজীবী সংযুক্তা সামন্ত বলেন, “না, তিনি যাননি৷ তবে ওখানে পরিস্থিতি আলাদা৷” প্রধান বিচারপতি তখন বলেন, “সংবাদমাধ্যমের রিপোর্টের ভিত্তিতে জনস্বার্থ মামলা করছেন ? সিঙ্গল বেঞ্চ আজ সন্দেশখালির মামলা শুনবে৷ সেটা আগে দেখুন৷” প্রধান বিচারপতিকে আইনজীবী তখন বলেন, “শুধু মিডিয়া রিপোর্ট নয়৷ রাজ্যপালের রিপোর্টও রয়েছে মামলায়৷” প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, “লিস্টে এলেই মামলা শোনা হবে৷”
