বাবন ধুঁয়া, ১৯.০২.২৪ সময়ঃ ০৩.৪৫
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ অবশেষে বরফ গলার ইঙ্গিত। আগামী পাঁচ বছরের জন্য কৃষকদের থেকে নূন্যতম সহায়ক মূল্যে শস্য কিনবে কেন্দ্র, এমনটাই জানিয়েছেন মন্ত্রীরা। তবে এই প্রস্তাব আদৌ মেনে নেওয়া হবে কিনা, সেই নিয়ে আলোচনার জন্য দুদিন সময় চেয়েছেন কৃষক নেতারা।
রবিবার প্রতিবাদী কৃষকদেরসঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী পীযূষ গোয়েল, কৃষিমন্ত্রী অর্জুন মুণ্ডা এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। হাজির ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানও। রবিবার মাঝরাত পর্যন্ত দুপক্ষের আলোচনা চলে। তার পরেই গোয়েল জানান, কৃষকদের জন্য বিশেষ প্রস্তাব দিয়েছেন কেন্দ্র। আগামী পাঁচ বছরের জন্য ডাল, ভুট্টা ,তুলোর মতো শস্যগুলো নূন্যতম সহায়ক মূল্যে কিনবে কেন্দ্র।
তবে কেন্দ্রের এই প্রস্তাব নিয়ে কৃষকদের তরফে এখনও কোনও সিদ্ধান্ত জানা যায়নি। প্রতিবাদী কৃষকনেতা সারওয়ান সিং পান্ধের জানান, কেন্দ্রের প্রস্তাব নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করবেন তাঁরা। প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়া হবে কিনা, আলোচনার মাধ্যমে সেই সিদ্ধান্তও নেওয়া হবে।
তবে দিন দুয়েকের জন্য বন্ধ থাকছে কৃষকদের দিল্লি চলো যাত্রা। পাঞ্জাব ও হরিয়ানাসীমানায় আপাতত আটকে রয়েছে কৃষকদের মিছিল। কিন্তু সেখান থেকে পিছু হটেননি তাঁরা। আগামী দুদিন মধ্য়েযদি চাষিদের পেনশন, ঋণ মকুবের মতো একাধিক দাবি পূরণ হয়, তা না হলে আগামী ২১ ফেব্রুয়ারি থেকে ফের পুরো মাত্রায় প্রতিবাদ শুরু হবে বলে জানিয়েছেন কৃষকরা।
