সুপর্ণা দে, ১৭.০২.২৪ সময়ঃ ০৫.১৫
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ
মাত্রই খুইয়েছেন মন্ত্রীত্ব৷ আর তারপরই জামিনের আবেদন করলেন জ্যোতিপ্রিয় মল্লিক৷ রেশন বন্টন দুর্নীতি কাণ্ডে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক প্রায় সাড়ে চার মাস ধরে হাজতবাস করছেন৷ শনিবার নগর-দায়রা আদালতে তার আইনজীবী দাবি করেন, তিনি শারীরিকভাবে অসুস্থ; ফলত তাঁকে জামিন দেওয়া হোক। যদিও বালুর জামিনের শুনানি পর্ব পিছিয়ে গিয়েছে এদিন। আগামী ২০ ফেব্রুয়ারি জামিনের পরবর্তী শুনানি বলে জানা গিয়েছ।
উল্লেখ্য, গত বছর ২৭ অক্টোবর জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাসভবন এবং অফিসে তল্লাশি অভিযান চালানোর পর ভোর ৩টে নাগাদ তাঁকে গ্রেফতার করেছিল ইডি। পরবর্তীতে জ্যোতিপ্রিয় মল্লিককে জিজ্ঞাসাবাদ করে শংকর আঢ্য-সহ একাধিক ব্যবসায়ীর নাম এই দুর্নীতিতে জড়িত থাকার তথ্যপ্রমাণ হাতে পেয়েছেন তদন্তকারীরা।
বলা বাহুল্য, মন্ত্রী পদ খুইয়ে এই প্রথম আদালতে হাজির হলেন এবং জামিনের আবেদন করলেন জ্যোতিপ্রিয় মল্লিক।
