সুপর্ণা দে, ১৭.০২.২৪ সময়ঃ ০৫.৩০
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ
রাজ্য বাজেট পেশের পর শনিবার পেশ হল ২০২৪-২৫ অর্থবর্ষে কলকাতা পুরনিগমের বাজেট। ১১২ কোটি টাকার ঘাটতি রয়েছে এই বাজেটে। মেয়র ফিরহাদ হাকিম পেশ করেন বাজেট। বলা বাহুল্য, গত অর্থবর্ষের বাজেটেও ১৪৬ কোটি টাকার ঘাটতি ছিলো। উল্লেখ্য, এই বাজেটে পানীয় জলের পরিষেবাকে গুরুত্ব দেওয়া হল। এই অর্থবর্ষে মেয়র বাজেটে আয় দেখিয়েছেন ৫ হাজার ৫৪ কোটি ৫২ লক্ষ টাকা, এবং ব্যয় দেখিয়েছেন ৫ হাজার ১৬৬ কোটি ৫২ লক্ষ টাকা। গতবার অর্থবর্ষের পুর বাজেটে সম্ভাব্য আয় দেখানো হয়েছিল ৪ হাজার ৫৪০ কোটি ৭৯ লক্ষ টাকা। কিন্তু আয় হয় ৩ হাজার ৮৭১ কোটি ৬৯ লক্ষ টাকা। প্রায় ৬৭০ কোটি টাকা কম আয় জানিয়েছেন মেয়র।
এদিন মেয়র ফিরহাদ হাকিম বলেন, “এই ঘাটতি বাজেট তো আজ হয়নি। অনেকদিন ধরে চলছে। প্রায় ২ হাজার কোটি টাকা হয়ে গিয়েছিল। আমরা তা কিছুটা কমাতে পেরেছি। এই ব্যবধান ধীরে ধীরে আরও কমবে। আমি তো আর ম্যাজিক জানি না। আজ বলব কাল কমে যাবে।” তবে পুরনিগমের এই ঘাটতি বাজেট নিয়ে সোচ্চার বিজেপি। কলকাতার বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেন, “নাগরিক পরিষেবার কোনও সমস্যা হবে না বলছেন মেয়র। কিন্তু উনি তো টাকা ছাপাতে পারবেন না। টাকা আসবে কোথা থেকে?”
