CHILD MURDER- আট বছরের শিশুকে ধারালো অস্ত্র দিয়ে খুন


সুমন সানা, ১৭.০২.২৪ সময়ঃ ০২.২২

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ আট বছরের শিশুপুত্রকে কুপিয়ে খুন করা হল। ঘটনাটি ঘটেছে হুগলীর কানাইপুর আদর্শনগর ইংলিশ রোড এলাকায়। মৃতার নাম স্নেহাংশু শর্মা। ৪র্থ শ্রেণির ছাত্র ছিল সে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় প্রতিদিনের মতো ঘরে একাই পড়াশোনা ও খেলা করছিল স্নেহাংশু। তার বাবা পঙ্কজ শর্মা কলকাতার একটি বেসরকারি কোম্পানিতে কাজ করেন। তার মা গুড্ডি শর্মা একটি কসমেটিকের দোকানে কাজ করেন। অতএব, ঘর ফাঁকা ছিলো। সেই সময় তার খুড়তুতো বোন ঘরে ঢুকে দেখে দাদা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে৷ এরপর স্নেহাংশুকে হিন্দমোটরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে  চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন৷

স্নেহাংশুর গায়ে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। মাথায় ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে বলে অনুমান পুলিশের। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে। এই ঘটনার তদন্ত শুরু করেছে চন্দননগর কমিশনারেটের পুলিশ। পারিবারিক শত্রুতা, নাকি অন্য কিছু- তা খতিয়ে দেখছে পুলিশ৷

এই ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরী হয়েছে৷ স্থানীয়রা জানাচ্ছেন, পুলিশ প্রশাসন দোষীদের অবিলম্বে শাস্তির ব্যবস্থা করুক। না-হলে বৃহত্তর আন্দোলন হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *