সুপর্ণা দে, ১৭.০২.২৪ সময়ঃ ০৩.৩৯
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ প্রতিবেশী দেশে কাপড়ের ব্যবসায়ে বিশাল অঙ্কের টাকা বিনিয়োগ করেছেন রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত বিশ্বজিৎ দাস৷ ১৪ ফেব্রুয়ারি সকালে তাঁকে গ্রেফতার করে ইডি৷ আপাতত তিনি ইডির হেপাজতেই থাকবেন বলে জানা গিয়েছে৷ তাঁকে জেরা করে ইডি জানতে পেরেছে, বাংলাদেশের রাজধানী ঢাকায় বিশ্বজিতের একটি বড় কাপড়ের দোকান আছে৷ সেখানে টাকা পাচার হয়েছে৷ উল্লেখ্য, রেশন বন্টন দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হওয়া শংকর আঢ্যকে জেরা করেই বিশ্বজিতের নাম পেয়েছেন ইডির আধিকারিকরা৷
তাঁদের দাবি, বিশ্বজিৎ দাসই রেশন দুর্নীতি কাণ্ডের বিশাল টাকা পাচারের মাস্টার মাইন্ড৷ তিনিই কোটি কোটি টাকা বাংলাদেশে পাচার করেছে৷ জ্যোতিপ্রিয় মল্লিক এই বিশ্বজিতের মাধ্যমে আন্তর্জাতিক কারবার করতেন৷ ইডির আরও দাবি, তারা তদন্তে নেমে বিশ্বজিতের মতো আরও অন্তত চারজনের নাম পেয়েছেন৷ আগামী সপ্তাহে তাঁদেরও ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে৷
বলা বাহুল্য, ১৩ ফেব্রুয়ারি বিশ্বজিৎ দাসের কলকাতার বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি৷ নগদ পাঁচ লক্ষ টাকা এবং বেশ কিছু চিরকুট পান তাঁরা৷ ইডি সূত্রে খবর, এই সব চিরকুট থেকে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে, হাওয়ালার মাধ্যমে বিদেশে কোটি কোটি টাকা পাচার হয়েছে৷ তবে শুক্রবার আদালতে বিশ্বজিৎ দাস দাবি করেছেন, তিনি একজন ব্যবসায়ী৷ রেশন দুর্নীতি কাণ্ডের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই৷ তাকে ফাঁসানো হয়েছে৷
